Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ মে ২০২৬

সৌদিতে ধরপাকড়, বহিষ্কার আরো প্রায় ১০ হাজার প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৯:১৮

সৌদিতে ধরপাকড়, বহিষ্কার আরো প্রায় ১০ হাজার প্রবাসী

বাহরাইন

বাহরাইনে চুরি ঠেকাতে নিরাপত্তা জোরদার

বাহরাইনে চুরি ও বিভিন্ন অপরাধ দমনে এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার ইতোমধ্যেই কঠোর অ্যান্টি-থেফট আইন কার্যকর করেছে এবং কমিউনিটির নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে ২৪ ঘণ্টার টহল ব্যবস্থা। যেখানে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা, ওয়াটারফ্রন্ট জোন এবং ব্যস্ত শহরাঞ্চলে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। শুধু টহল নয়, আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে ব্যাপকভাবে; উন্নত সিসিটিভি নেটওয়ার্ক, স্মার্ট মনিটরিং সিস্টেম এবং ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে সন্দেহজনক কার্যক্রম দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। কর্তৃপক্ষ বলছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দ্রুত শনাক্ত করা। এদিকে, ওয়াটারফ্রন্ট এলাকার একাধিক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে প্রায় ১৭ হাজার বাহরাইনি দিনার মূল্যের মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাহরাইনের পুলিশ।     


সৌদি আরব

সৌদিতে প্রবাসীদের ধরপাকড়

সৌদিতে হজ সেবার ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে, ভারতীয় ও বাংলাদেশি নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মক্কায় অবৈধভাবে প্রবেশের দায়ে পাঁচ তুর্কি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যারা বৈধ হজ পারমিট ছাড়া পাহাড়ি ও বিকল্প রাস্তা ব্যবহার করে মক্কায় প্রবেশের চেষ্টা করছিল। সৌদি কর্তৃপক্ষ বলছে, পারমিট ছাড়া হজ নয়- এই নীতির আওতায় এবার হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তা ঝুঁকি বরদাশত করা হবে না। ইতোমধ্যেই দেশজুড়ে শত শত ভুয়া হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে এবং লাখ লাখ হাজির নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি, চেকপোস্ট ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। এদিকে অবৈধদের ধরতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৮ হাজার ৯৪৩ জন অবৈধ বাসিন্দাকেও গ্রেফতার করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে ৯ হাজার ৮৩২ জনকে। অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময়ও আরো ৫৪ জনকে আটক করা হয়েছে। 


কুয়েত

কুয়েতে প্রবাসী শ্রমিকদের জন্য বাড়ল আরো সুযোগ 

কুয়েতে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা দিতে এবার বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে শ্রমিক ট্রান্সফার বা চাকরি পরিবর্তনের নিয়মে। দেশটির মানবসম্পদ কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্তে জানিয়েছে, এখন থেকে কোনো শ্রমিক যদি নিয়োগকর্তার অবহেলা, রেসিডেন্সি জটিলতা, কাজের অনুমতি আটকে রাখা বা মিথ্যা শ্রম অভিযোগের শিকার হন, তাহলে নির্ধারিত এক বছর পূর্ণ হওয়ার আগেই তিনি অন্য নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হতে পারবেন। কর্তৃপক্ষ বলছে, অনেক সময় কিছু নিয়োগকর্তা শ্রমিকদের আকামা বা ওয়ার্ক পারমিট নবায়ন করেন না, ইচ্ছাকৃতভাবে কাগজপত্র আটকে রাখেন কিংবা পালিয়ে যাওয়ার ভুয়া অভিযোগ দিয়ে চাপ সৃষ্টি করেন। ফলে শ্রমিকরা চরম অনিশ্চয়তায় পড়ে যান। এখন থেকে এসব অভিযোগ প্রমাণিত হলে Public Authority for Manpower নিজেই তদন্ত করবে এবং প্রয়োজন হলে শ্রমিককে নতুন প্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি দেবে। একই সঙ্গে কুয়েত সরকার ডিজিটাল সিস্টেম ও অনলাইন সেবা আরো বাড়াচ্ছে, যাতে ট্রান্সফার, ওয়ার্ক পারমিট ও শ্রম সংক্রান্ত প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়। বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তন কুয়েতের শ্রমবাজারে বড় প্রভাব ফেলতে পারে। কারণ দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে “কাফালা” ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে মানবাধিকার ও শ্রমিক নির্যাতনের অভিযোগ ছিল। নতুন নিয়মের মাধ্যমে সরকার একদিকে শ্রমিকদের অধিকার রক্ষা করতে চাইছে, অন্যদিকে শ্রমবাজারকে আরো আধুনিক ও নিয়ন্ত্রিত করতে চাইছে। 


ওমান

ওমানে বাজার মনিটরিং জোরদার করল কর্তৃপক্ষ

ঈদুল আজহা সামনে রেখে এবার ওমানে বাজার মনিটরিং আরো জোরদার করেছে দেশটির কৃষি মন্ত্রণালয় ও বাজার কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের সময় সাধারণত সবজি, ফলমূল ও অন্যান্য খাদ্যপণ্যের চাহিদা অনেক বেড়ে যায়, তাই বাজারে যেন কোনো সংকট বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না হয় সে জন্য দেশজুড়ে চলছে নিয়মিত তদারকি ও পরিদর্শন অভিযান। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন সেন্ট্রাল মার্কেট ঘুরে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং নিশ্চিত করছেন যেন খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে ও ভোক্তারা পর্যাপ্ত পণ্য পান। সরকার বলছে, বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের কৃষিপণ্য, শাকসবজি, মৌসুমি ফল ও অন্যান্য খাদ্যপণ্যের সরবরাহ যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়মিতভাবে নতুন চালান বাজারে আসছে। ফলে সরবরাহ চেইনও স্থিতিশীল রয়েছে। বাজারে কৃত্রিম সংকট, অতিরিক্ত দাম রাখা বা নিম্নমানের পণ্য বিক্রি ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের আগ পর্যন্ত এই অভিযান চালু থাকবে, যাতে বাজার স্থিতিশীল থাকে।  


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে ভারতীয় ছাগলের চাহিদা বৃদ্ধি 

আমিরাতে ঈদুল আজহাকে সামনে রেখে এবার ভারতীয় ছাগলের চাহিদা হঠাৎ করেই অনেক বেড়ে গেছে। তাই কেবল জাহাজে নয়, কার্গো বিমানে করে ভারত থেকে আনা হচ্ছে ছাগল। খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক অস্থিরতা ও শিপিং ব্যাঘাতের কারণে ব্যবসায়ীরা দ্রুত সরবরাহ নিশ্চিত করতে বিমানপথ ব্যবহার করছেন। যদিও এতে খরচ অনেক বেড়ে গেছে। তবুও বাজারে ভারতীয় জাতের ছাগলের চাহিদা সবচেয়ে বেশি। কারণ ক্রেতারা এগুলোকে তুলনামূলকভাবে ভালো মানের ও সাশ্রয়ী মনে করছেন। বর্তমানে শারজাহর সাজা লাইভস্টক মার্কেটে ভারতীয় ছাগলের দাম শুরু হচ্ছে প্রায় ৯০০ দিরহাম থেকে, আর ওজন ও জাতভেদে অনেক ক্ষেত্রে দাম ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ দিরহাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সাধারণত সমুদ্রপথে পশু আসতে ৫ থেকে ৭ দিন লাগত। কিন্তু এখন পরিস্থিতির কারণে অনেক চালান বিমানে আনা হচ্ছে। ফলে পরিবহন খরচ কয়েক গুণ বেড়েছে আর তার প্রভাব সরাসরি পড়ছে বাজার দামে। 

Logo