সৌদিতে অভিযুক্ত প্রবাসী আটক, স্বস্তি বাংলাদেশিদের মাঝে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৪:৫৭
সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে অপহরণ, চাঁদাবাজি, হামলা, হত্যার মতো ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ প্রবাসী বাংলাদেশিদের। যাতে সুনাম ক্ষুণ্ন হচ্ছিল সৌদিতে বাংলাদেশিদের। এসব অপরাধের মূল হোতা হিসেবে অভিযুক্ত এক প্রবাসী বাংলাদেশি গোলাম সরোয়ার আপেলকে আটক করেছে সৌদির সিআইডি পুলিশ। সৌদি আরবের রিয়াদে এক সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশিরা অভিযুক্ত গোলাম সরোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
মাইগ্রেশন কনসার্নের হাতে আসা বাংলাদেশ দূতাবাসে পাঠানো অভিযোগপত্র, সৌদি পুলিশের কাছে পাঠানো বাংলাদেশ দূতাবাসের চিঠিপত্রেও গোলাম সরোয়ারের সিন্ডিকেটের বিরুদ্ধে নানান অভিযোগের ফিরিস্তি রয়েছে। প্রবাসী জাকির হোসেনের অভিযোগে জানা যায়, সৌদির মালাজ এলাকায় ২০২৫ সালের ২১ এপ্রিলে প্রবাসী কামাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত গোলাম সরোয়ার কীভাবে নিরাপরাধ প্রবাসীদের ফাঁসিয়ে হেনস্তা করেছে, চাঁদাবাজি করেছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, সৌদি সিআইডির হাতে আটক কুমিল্লার চৌদ্দগ্রামের গোলাম সরোয়ার দেশটিতে মাদক চোরাচালান, নারী পাচার, অপহরণ, চাঁদাবাজি এবং গুম-খুনের মূল হোতা। দীর্ঘদিন ধরে সৌদি আরবে সাধারণ প্রবাসী বাংলাদেশিদের জিম্মি করে আসছিল গোলাম সরোয়ারের সিন্ডিকেট।
অভিযুক্তের আটকের খবরে রিয়াদের সাধারণ প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বস্তি নেমে এসেছে বলে দাবি করেন তারা। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এই সংবাদ সম্মেলনে গোলাম সরোয়ারকে গ্রেফতারের কারণে সৌদির পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদও দেন প্রবাসীরা।
logo-1-1740906910.png)