আবার ইরানে হামলার আশঙ্কা, জোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৬:২১
ছবি - এআই দিয়ে বানানো
নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় ইরান তার পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যান স্কাভিনোর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট নতুন করে ইরানের বিরুদ্ধে আসন্ন মার্কিন সামরিক অভিযানের জল্পনা উসকে দিয়েছে। পোস্টটিতে একটি বি-২ স্টেলথ বোমারু বিমানের ছবি ছিল।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, গত ফেব্রুয়ারিতেও একই ধরনের একটি পোস্ট শেয়ার করেছিলেন স্কাভিনো, যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়।
ফলে ধারণা করা হচ্ছে, ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা হতে পারে ২৪ ঘণ্টার মধ্যে, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে।
তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলের বিমানবন্দরগুলোতে সব বেসামরিক ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে। তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে মাত্র আটটি বিমানবন্দর চালু রয়েছে।
এদিকে, মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের খবরেও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও ২২ মে বিকেল পর্যন্ত হামলার সুনির্দিষ্ট ক্ষণ ঠিক করা হয়নি।
একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় মার্কিন সামরিক বাহিনী ও গোয়েন্দাদের কিছু সদস্য মেমোরিয়াল ডে উইকেন্ডের পরিকল্পনা বাতিল করেছেন।
ইরানের সঙ্গে সংঘাত সম্পর্কিত ঘটনাবলি নিয়ে আলোচনা করতে ট্রাম্প শুক্রবার সকালে তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের ডেকেছিলেন বলেও খবর দিয়েছে এক্সিয়স।
ফলে ২৮ ফেব্রুয়ারির মতো আবার নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে ওঠার আশঙ্কা জানাচ্ছে বিশ্বের গণমাধ্যমগুলো। এমন প্রেক্ষাপটে হজের এই মৌসুমে যুদ্ধের গতিপ্রকৃতি কেমন হয়, তাই নিয়ে শঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে।
logo-1-1740906910.png)