মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ মে ২০২৬
বাংলাদেশের ছবি তুলে পুরস্কার জিতলেন বাহরাইনি সাংবাদিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ২৩:২৬
বাহরাইন
বাংলাদেশের ছবি তুলে পুরস্কার জিতলেন বাহরাইনি সাংবাদিক
ঢাকায় এসে ছবি তুলে বাহরাইনের ফটো সাংবাদিক ইসা ইব্রাহিম “ইজিপ্ট বেস্ট প্রেস ফটো ২০২৫” প্রতিযোগিতার প্রথম পুরস্কার জিতে নিয়েছেন।তার ছবির বিষয়বস্তু আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। তিনি “বেস্ট ডেইলি লাইফ ফটো আউটসাইড ইজিপ্ট” ক্যাটাগরিতে এই সম্মান অর্জন করেন। পুরস্কারজয়ী ছবিটিতে দেখা যায়, ঢাকার বস্তি এলাকায় এক নারী তার পক্ষাঘাতগ্রস্ত স্বামীকে গোসল করিয়ে দিচ্ছেন। সাধারণ একটি মুহূর্ত হলেও ছবিটি মানবতা, ভালোবাসা, দায়িত্ববোধ ও কঠিন জীবনের সংগ্রামকে অত্যন্ত শক্তিশালীভাবে তুলে ধরেছে। বিচারকরা ছবিটির আবেগ, বাস্তবতা এবং মানবিক বার্তার বিশেষ প্রশংসা করেছেন। আর সেই কঠিন প্রতিযোগিতার মধ্যেই বাংলাদেশের ঢাকার মানবিক গল্প তুলে ধরে সেরা হয়েছেন বাহরাইনের এই ফটোসাংবাদিক। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ, রাজনীতি কিংবা বড় ঘটনার বাইরেও সাধারণ মানুষের জীবনসংগ্রাম যে কত গভীরভাবে বিশ্বকে নাড়া দিতে পারে, এই ছবিটি তার বড় উদাহরণ। আন্তর্জাতিক এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক মানুষের বাস্তব জীবনও আবারও বিশ্বমঞ্চে উঠে এলো।
ওমান
ওমানে সামাজিক মাধ্যমে কারো অনুমতি ছাড়া দিলে শাস্তি হবে
ওমানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। নতুন ঘোষণায় বলা হয়েছে, কারও ব্যক্তিগত বা পারিবারিক তথ্য, ছবি কিংবা মন্তব্য অনুমতি ছাড়া সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলে সেটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এমনকি তথ্য সত্য হলেও সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া তা শেয়ার করলে, আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওমানের আইন অনুযায়ী, এ ধরনের অপরাধে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই সতর্কতা দেশটির “মিসিং লিংক” সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে, যার মূল লক্ষ্য হলো সামাজিক মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে জনগণকে আরও দায়িত্বশীল করা। পাবলিক প্রসিকিউশন আরও জানিয়েছে, বর্তমানে অনেক মানুষ না বুঝেই অন্যের ব্যক্তিগত ছবি, পারিবারিক ঘটনা বা ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দিচ্ছেন, যা ব্যক্তির গোপনীয়তা ও সামাজিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে। তাই এখন থেকে ডিজিটাল ব্ল্যাকমেইল, ভয়ভীতি দেখানো, মানহানি কিংবা ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি বা সামাজিক মাধ্যম ব্যবহার করে কাউকে হুমকি দেওয়া বা ব্ল্যাকমেইল করলে সেটি ওমানের সাইবার ক্রাইম আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
কুয়েত
কুয়েত উচ্চ গতির রেল রুট রিয়াদ যাওয়া যাবে দুই ঘন্টায়
কুয়েত সরকার আনুষ্ঠানিকভাবে হাই-স্পিড রেলপথের রুট অনুমোদন দিয়েছে, যা ভবিষ্যতে কুয়েত সিটিকে সৌদি রাজধানী রিয়াদের সঙ্গে যুক্ত করবে।কুয়েত অংশের রেললাইনটি প্রায় ৮৫ কিলোমিটার দীর্ঘ হবে এবং দেশটির দক্ষিণ-পশ্চিম সীমান্ত হয়ে সৌদি আরবের সঙ্গে যুক্ত হবে। পরে এটি রিয়াদ পর্যন্ত বিস্তৃত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই রেলপথে ট্রেন ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারবে এবং কুয়েত থেকে রিয়াদ যেতে সময় লাগবে দুই ঘণ্টারও কম। প্রতিদিন তিনটি ট্রিপ চালুর পরিকল্পনাও রয়েছে।প্রকল্পটি শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য পরিবহনেও বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।এই রেললাইনটি বৃহৎ গালফ রেলওয়ে নেটওয়ার্কের অংশ, যার মাধ্যমে উপসাগরীয় ছয়টি দেশকে একই রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই রেল সংযোগ চালু হলে কুয়েত ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে সড়ক পরিবহনের ওপর চাপও কমবে। কুয়েত সরকার জানিয়েছে, চলতি বছরের শেষ দিকেই বাস্তবায়ন কাজ শুরু হতে পারে এবং ২০৩০ সালের মধ্যে প্রকল্প চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
logo-1-1740906910.png)