মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২১ মে ২০২৬
সৌদিতে চালু হলো লাগেজবিহীন হজ সেবা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৯:৩৮
বাহরাইন
বাহরাইনে ভারতীয় নারীর ১০ বছরের জেল বহাল
বাহরাইনে বয়স্ক এক রোগীর কাছ থেকে টাকা চুরির ঘটনায় আলোচিত এক ভারতীয় নার্সের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছে আপিল আদালত। আদালত আগের রায় বহাল রেখে ওই নার্সকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিযুক্ত নার্স একটি হাসপাতালে কর্মরত ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় থাকা এক পক্ষাঘাতগ্রস্ত বাহরাইনি রোগীর ব্যক্তিগত ব্যাংক তথ্য ও আর্থিক নথিতে প্রবেশের সুযোগ পান। পরে অভিযোগ ওঠে, তিনি রোগীর অ্যাকাউন্ট থেকে গোপনে বড় অঙ্কের টাকা সরিয়ে নেন। প্রথমে আদালত অভিযুক্ত নার্সকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের জেল দেয়। পরে তিনি আপিল করলে মামলাটি আবার শুনানি হয়। তবে আপিল আদালতও আগের সিদ্ধান্ত বহাল রাখে, সাথে ৫ হাজার বাহরাইনি দিনার জরিমানা জারি করে। রায় ঘোষণার সময় আদালত জানায়, অসুস্থ ও অসহায় রোগীর বিশ্বাস ভেঙে অর্থ চুরির মতো অপরাধ অত্যন্ত গুরুতর। আগের রায় বহাল থাকার পর বাহরাইনে স্বাস্থ্য খাত ও প্রবাসী কমিউনিটিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, রোগীর নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এখন আরো কঠোর নজরদারি প্রয়োজন।
সৌদি আরব
সৌদিতে চালু হলো লাগেজবিহীন হজ সেবা
সৌদি আরবে হজযাত্রীদের ভোগান্তি কমাতে দেশটি এবার চালু করেছে “হজ উইদাউট লাগেজ” বা লাগেজবিহীন হজ সেবা। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বিশেষ ব্যবস্থার মাধ্যমে হাজিরা নিজ দেশের বিমানবন্দর থেকেই লাগেজ জমা দিতে পারবেন এবং পরে সেই লাগেজ সরাসরি সৌদি আরবে তাদের হোটেল বা আবাসস্থলে পৌঁছে দেওয়া হবে। ফলে যাত্রাপথে ব্যাগ বহনের ঝামেলা ও দীর্ঘ অপেক্ষা অনেকটাই কমে যাবে। সৌদি কর্তৃপক্ষ বলছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হজযাত্রীদের চলাচল আরো সহজ, দ্রুত ও আরামদায়ক করা। বিশেষ করে বয়স্ক হাজি ও পরিবার নিয়ে ভ্রমণকারীদের জন্য এটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। এই সেবার আওতায় বিশেষায়িত কোম্পানিগুলো যাত্রীদের লাগেজ সংগ্রহ করবে, এরপর তা সৌদি আরবের জেদ্দা ও মদিনাসহ বিভিন্ন বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পাঠানো হবে। ফলে হাজিদের বিমানবন্দরে দীর্ঘ সময় দাঁড়িয়ে ব্যাগের জন্য অপেক্ষা করতে হবে না।
সৌদি সরকার বলছে, প্রতি বছর লাখো মুসল্লির বিশাল সমাগম সামলাতে তারা প্রযুক্তিনির্ভর আধুনিক সেবা চালু করছে। এর অংশ হিসেবেই এবার ডিজিটাল ব্যবস্থাপনা, স্মার্ট মনিটরিং এবং পরিবহন সুবিধার পাশাপাশি লাগেজ সেবাতেও আনা হয়েছে বড় পরিবর্তন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন উদ্যোগ হজ ব্যবস্থাপনাকে আরো আধুনিক করবে এবং যাত্রীদের শারীরিক কষ্ট অনেকটাই কমিয়ে আনবে।
কুয়েত
কুয়েতে অগ্নিকাণ্ড, নিহত পাঁচজন
কুয়েতে বড় ধরনের এক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজন মারা গেছেন। দেশটির জেলিব আল শুয়ুখ এলাকায় গত বুধবার একটি বাড়িতে আগুন লাগার পর এই প্রাণহানির ঘটনা ঘটে। কুয়েত ফায়ার ফোর্স জানিয়েছে, বুধবার দুপুরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে আল সামুদ ও আরদিয়া ফায়ার স্টেশনের দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে পাঁচজনের প্রাণহানি ঘটে। তবে নিহতদের পরিচয় ও জাতীয়তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং পুরো ঘটনাস্থল সংশ্লিষ্ট তদন্ত টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দুর্ঘটনার পর কুয়েতের ফায়ার ফোর্স সাধারণ মানুষকে ঘরে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ, গ্যাস লাইন এবং শিশুদের আগুন নিয়ে খেলাধুলার বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। এর আগে আবাসিক ভবন ও শ্রমিকদের আবাসস্থলেও বড় ধরনের অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানি ঘটে। ফলে দেশটির সরকার ও ফায়ার বিভাগ এখন জনসচেতনতা বাড়াতে জোর দিচ্ছে। এ সময়ে প্রবাসীদেরও সতর্ক থাকা উচিত।
সংযুক্ত আরব আমিরাত
দুবাইয়ে কমে গেছে গোল্ডের দাম
দুবাইয়ে গোল্ডের বাজারে বড় ধাক্কা লেগেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমায় সংযুক্ত আরব আমিরাতেও গোল্ডের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, দুবাইয়ে ২৪ ক্যারেট গোল্ডের দাম নেমে এসেছে প্রতি গ্রাম ৫৩৭ দশমিক ৭৫ দিরহামে। একইভাবে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৯৮ দিরহামে। বাজার বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের উচ্চ সুদের কারণে আন্তর্জাতিক বাজারে গোল্ডের ওপর চাপ তৈরি হয়েছে। ফলে বিনিয়োগকারীরা এখন গোল্ডের বদলে বেশি মুনাফার অন্যান্য খাতে ঝুঁকছেন। আর এর প্রভাব সরাসরি পড়েছে দুবাইয়ের গোল্ড বাজারেও। দুবাইয়ে বসবাসরত প্রবাসীদের জন্য এই মূল্যহ্রাসকে স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ঈদুল আজহাকে সামনে রেখে অনেকেই স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন। সাধারণত উৎসবের মৌসুমে দুবাইয়ের গোল্ড সুকে ব্যাপক ভিড় দেখা যায়। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অনেক প্রবাসী কম দামে স্বর্ণ কিনে দেশে নিয়ে যান।
logo-1-1740906910.png)