মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯, মে, ২০২৬
বাহরাইনে নিয়োগ কোম্পানির বিরুদ্ধে মামলা জিতলেন বাংলাদেশী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৯:৩৯
বাহরাইন
বাহরাইনে নিয়োগ কোম্পানির বিরুদ্ধে মামলা জিতলেন বাংলাদেশী
বাহরাইনে ফ্লেক্সি ভিসায় কাজ করা এক বাংলাদেশি ইলেকট্রিশিয়ান বেতন না পাওয়ার অভিযোগে আদালতে মামলা লড়ে তার নিয়োগকারীর বিরুদ্ধে জিতেছেন। দেশটির লোয়ার সিভিল কোর্ট নিয়োগকারী নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে রায় দিয়ে বকেয়া মজুরি ও মামলার বিভিন্ন খরচ পরিশোধের নির্দেশ দিয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী ওই বাংলাদেশি প্রবাসী ২০২৪ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাস একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেন। তবে কাজ শেষ করার পরও কোম্পানি তাকে ৭১৮ বাহরাইনি দিনার বেতন দেয়নি। কোম্পানিটি দাবি করেছিল, তারা ওই শ্রমিকের স্পন্সর নয় এবং তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না, তাই তাদের কোনো দায় নেই। পরে বহুবার বেতন চেয়েও টাকা না পেয়ে ওই প্রবাসী আদালতের দ্বারস্থ হন। তার আইনজীবী মানাল দাহি আদালতে উপস্থিতি কার্ড বা পাঞ্চ কার্ড জমা দিয়ে প্রমাণ করেন যে শ্রমিকটি সত্যিই ওই প্রতিষ্ঠানে নিয়মিত কাজ করেছেন। আদালতে জানানো হয়, তিনি প্রতিদিন ১০ ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন কাজ করতেন এবং ঘণ্টাপ্রতি এক বাহরাইনি দিনার হারে বেতন পাওয়ার কথা ছিল। তিন মাসে তিনি মোট ৭১৮ ঘণ্টার বেশি কাজ করেন। আদালত শেষ পর্যন্ত কোম্পানিকে বকেয়া ৭১৮ দিনারের পাশাপাশি অনুবাদ ফি, আইনজীবীর খরচ, মামলা পরিচালনার ব্যয় ও আদালত ফিসহ অতিরিক্ত অর্থ পরিশোধের নির্দেশ দেয়। আইনজীবী মানাল দাহি বলেন, অনেক ফ্লেক্সি ভিসাধারী শ্রমিক আনুষ্ঠানিক চুক্তি না থাকায় এই ধরনের প্রতারণার শিকার হন এবং কিছু নিয়োগকর্তা এই সুযোগে তাদের প্রাপ্য বেতন আটকে রাখেন।এই রায়কে বাহরাইনে প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
কুয়েত
কুয়েতে মাদক বিরোধী অভিযান বিভিন্ন দেশের প্রবাসী আটক
কুয়েতে মাদকবিরোধী অভিযানে বিভিন্ন দেশের ১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন,দুই বাংলাদেশি,দুই কুয়েতি,একজন মিশরীয়,একজন ভারতীয়, দুই নেপালি এবং কয়েকজন বেদুইন পরিচয়ধারী ব্যক্তি। আটক বাংলাদেশীদের নাম পরিচয় জানায়নি পুলিশ। দেশটির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীনে পরিচালিত ধারাবাহিক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে আরব টাইমস অনলাইনের খবরে বলা হয়েছে।কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তারা মাদক ব্যবসা ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। এর আগে দেশটিতে একাধিক বড় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল এবং বিভিন্ন দেশের নাগরিকদের আটক করা হয়। নিরাপত্তা বাহিনী বলছে, আন্তর্জাতিক মাদক চক্র এখন বিভিন্ন উপায়ে উপসাগরীয় দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে, তাই সীমান্ত, বিমানবন্দর ও অভ্যন্তরীণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সৌদি আরব
সৌদিতে হজকে ঘিরে রাস্তা ঘাটের বিপুল উন্নয়ন
পবিত্র হজকে সামনে রেখে সৌদি আরবে ১ কোটি ১০ লাখ লিনিয়ার মিটারেরও বেশি সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজ মৌসুমে লাখো হাজির নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ১ কোটি ১০ লাখ লিনিয়ার মিটারেরও বেশি সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হয়েছে। এছাড়া প্রায় ৭ কোটি ৪০ লাখ বর্গমিটার সড়কের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। পবিত্র শহর মক্কা, মিনা, আরাফাত ও মুজদালিফার বিভিন্ন এলাকায় যানজট কমানো এবং হাজিদের চলাচল সহজ করতে ১২ লাখ বর্গমিটারের বেশি এলাকায় পিচ ঢালাই করা হয়েছে। পাশাপাশি ১২৩টি সেতু এবং ৪৪টি যানবাহন ও পথচারী টানেলের উন্নয়ন করা হয়েছে।সৌদি সরকার বলছে, হজের সময় লাখ লাখ হাজির নিরাপদ চলাচল নিশ্চিত করা,তাই এবার প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিক অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,উন্নত সড়ক ব্যবস্থা হাজিদের যাতায়াত আরও দ্রুত ও নিরাপদ করবে। একই সঙ্গে দুর্ঘটনা ও ভিড়ের চাপও কমাবে।এদিকে, পবিত্র স্থানগুলোর আশপাশে পরিচ্ছন্নতা, আলো, দিকনির্দেশনা সাইনবোর্ড এবং জরুরি সেবার ব্যবস্থাও জোরদার করা হয়েছে।সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে কাজ করছে,যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা নির্বিঘ্নে হজ পালন করতে পারেন।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে ঝড়-ঝাপটার পূর্বাভাস
আমিরাতে বৈরি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সপ্তাহের মাঝামাঝি থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে ধূলিঝড়, শক্তিশালী বাতাস এবং সমুদ্র উত্তাল থাকতে পারে। বিশেষ করে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে অনেক এলাকায় ধুলাবালি ছড়িয়ে দৃষ্টিসীমা কমে যেতে পারে। ২০ ও ২১ মেতে ধূলিঝড়ের প্রবণতা আরও বাড়তে পারে,সেই সাথে কিছু এলাকায় বাতাসের গতি হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ধুলোময় আকাশ ও ঝোড়ো বাতাসের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ গাড়িচালকদের ধীরে চলাচল, বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং সমুদ্রসীমায় অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তবে সপ্তাহের শেষ দিকে অর্থাৎ ২২ মে থেকে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
logo-1-1740906910.png)