Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ মে ২০২৬

বাহরাইনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধে উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৫:৩৯

বাহরাইনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধে উদ্যোগ

বাহরাইন

বাহরাইনে প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধে উদ্যোগ

বাহরাইনে গরম রুটি প্লাস্টিকের ব্যাগে ভরে বিক্রি বন্ধ করার প্রস্তাব উঠেছে দেশটির পার্লামেন্টে। নতুন এই প্রস্তাবে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যে বেকারিগুলোকে নিরাপদ ও পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। প্রস্তাব করা সাংসদরা বলছেন, অতিরিক্ত গরম রুটি প্লাস্টিকের ব্যাগে রাখলে তাপের কারণে ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাবারের সঙ্গে মিশে যেতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পাশাপাশি প্রতিদিন বিপুল পরিমাণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারের কারণে পরিবেশ দূষণও বাড়ছে। তাই কাগজের ব্যাগ বা পুনর্ব্যবহারযোগ্য নিরাপদ উপকরণ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংসদ সদস্যরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত হবে, অন্যদিকে পরিবেশ রক্ষায়ও তা ইতিবাচক ভূমিকা রাখবে। এখন প্রস্তাবটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত পর্যালোচনা করবে এবং অনুমোদন পেলে ভবিষ্যতে বেকারিগুলোর জন্য নতুন নিয়ম চালু করা হতে পারে।

সৌদি আরব

সৌদিতে হজে স্লোগান দেওয়া পতাকা ওড়ানো বন্ধ ঘোষণা  

পবিত্র হজকে ঘিরে সৌদি আরব এবার আরো কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হজ মৌসুমে মক্কা, মদিনা এবং পবিত্র স্থানগুলোতে কোনো ধরনের রাজনৈতিক বা সাম্প্রদায়িক স্লোগান, পতাকা উড়ানো কিংবা উসকানিমূলক বক্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।কর্তৃপক্ষ বলছে, হজ শুধু ইবাদত ও আধ্যাত্মিকতার জন্য, তাই এখানে যে কোনো রাজনৈতিক কার্যক্রম বা বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই। নতুন নিয়ম অনুযায়ী, কাবা শরিফ প্রাঙ্গণ, মসজিদে নববী, আশপাশের এলাকা এবং পবিত্র স্থানগুলোতে নিরাপত্তা বেষ্টনী অতিক্রম, বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে মক্কায় প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে বৈধ হজ পারমিট দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন চেকপয়েন্টে হাজিদের পারমিট যাচাই করবেন এবং অনুমতি ছাড়া কেউ প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌদি সরকার জানিয়েছে, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুশৃঙ্খলভাবে হজ পরিচালনার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে অনুমতি ছাড়া হজ করার চেষ্টা, অবৈধভাবে হাজিদের পরিবহন বা আশ্রয় দেওয়ার বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তির ঘোষণাও দিয়েছে দেশটি। 

এদিকে, পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে ১৮ মে থেকে সৌদি আরবের সিভিল ডিফেন্স পবিত্র স্থানগুলোতে গ্যাস সিলিন্ডার প্রবেশ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে মিনা, আরাফাত ও মুজদালিফাসহ হজের গুরুত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের গ্যাস সিলিন্ডার বহন, সংরক্ষণ বা ব্যবহার করা যাবে না। এর মূল লক্ষ্য হলো আগুন লাগার ঝুঁকি কমানো এবং লাখো হাজির নিরাপত্তা নিশ্চিত করা। সৌদি সিভিল ডিফেন্স বলছে, হজ মৌসুমে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়, তাই সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই গ্যাস সিলিন্ডার পাওয়া গেলে তা তাৎক্ষণিক জব্দ করা হবে। 

কুয়েত

কুয়েতে প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

কুয়েতের সরকার প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন প্রক্রিয়া আরো সহজ করতে নতুন অনলাইন সেলফ-সার্ভিস সিস্টেম চালু করেছে। দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার জানিয়েছে, নতুন এই ব্যবস্থার মাধ্যমে কোম্পানির পার্টনার বা অংশীদাররা এখন “আশাল সার্ভিসেস” অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেরাই ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করতে পারবেন। আগে এই প্রক্রিয়ার জন্য বিভিন্ন দাপ্তরিক জটিলতা, মধ্যস্থতাকারী বা সরাসরি অফিসে যাওয়ার প্রয়োজন হতো। কিন্তু এখন পুরো কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এই নতুন ডিজিটাল সেবা চালুর মূল উদ্দেশ্য হলো শ্রমসংক্রান্ত কার্যক্রমকে আরো দ্রুত, নিরাপদ ও সহজ করা এবং সরকারি সেবাকে আধুনিক প্রযুক্তিনির্ভর করা। নতুন সিস্টেমে ব্যবহারকারীরা ঘরে বসেই আবেদন জমা, প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং আবেদনের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। কর্মকর্তারা বলছেন, এতে সময় বাঁচবে, দীর্ঘ অপেক্ষা কমবে এবং সেবার মান আরো উন্নত হবে। 

ওমান

ওমানে ঈদ সামনে রেখে আসছে ৫৩ হাজার পশু

ওমানে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর সরবরাহ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের আগেই আরো প্রায় ৫৩ হাজার গবাদিপশু ওমানে পৌঁছাবে, যাতে বাজারে পর্যাপ্ত পশু সরবরাহ বজায় থাকে এবং দাম নিয়ন্ত্রণে রাখা যায়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য মাসকাট ডেইলি জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় ১ লাখ ৯৪ হাজার ভেড়া ও ছাগল এবং ১৩ হাজারের বেশি গরু আমদানি করা হয়েছে। এছাড়া ঈদের আগে আরো কয়েক হাজার পশু আসার কথা রয়েছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর পশুর চাহিদা অনেক বেড়ে যায়, তাই বাজার স্থিতিশীল রাখতে এবং সাধারণ মানুষ যেন স্বাভাবিক দামে পশু কিনতে পারেন, সে জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট, অতিরিক্ত মূল্য বৃদ্ধি বা অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম ঠেকাতে বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি চালানো হচ্ছে। দেশটির কনজ্যুমার প্রটেকশন অথরিটিও পশুর বাজারে নজরদারি বাড়িয়েছে এবং ব্যবসায়ীদের ন্যায্য দামে পশু বিক্রির নির্দেশ দিয়েছে। তবে কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কিছু রপ্তানিকারক দেশে জাহাজ পরিবহন ও সরবরাহসংক্রান্ত সমস্যার কারণে কিছুটা চাপ তৈরি হলেও বাজারে পশুর কোনো ঘাটতি হবে না।

Logo