সৌদিতে আবাসন আইন লঙ্ঘনের কারণে ১১ হাজার প্রবাসী বহিষ্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:৫৭
সৌদি আরবে অবৈধভাবে বসবাস ও কাজ করা বিদেশিদের বিরুদ্ধে আবারো ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে দেশজুড়ে ৯ হাজার ৫৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে এবং এর মধ্যে ১১ হাজার ২৭২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ২৬ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযানে রেসিডেন্সি আইন, সীমান্ত নিরাপত্তা আইন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে আটক করা হয়।
আটক হওয়াদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন আইন ভঙ্গের, ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের এবং ১ হাজার ৩৯২ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ধরা পড়েছেন। আটককৃতদের বেশির ভাগই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক।
একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার অভিযোগে আরো ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ আরো জানিয়েছে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা চাকরির ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেউ যদি অবৈধভাবে কাউকে দেশে প্রবেশে সহায়তা করে, আশ্রয় দেয় বা পরিবহন সুবিধা দেয়, তাহলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি জব্দ করা হতে পারে।
logo-1-1740906910.png)