বাংলায় ড্রাইভিং প্রশিক্ষণের প্রস্তাব বাহরাইনের সংসদে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ২০:৫৫
বাহরাইনে বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য নিজ নিজ ভাষায় ড্রাইভিং প্রশিক্ষণ চালুর প্রস্তাব উঠেছে দেশটির পার্লামেন্টে। নতুন এই প্রস্তাবে বলা হয়েছে, আরবি ভাষা না জানা প্রবাসীদের জন্য সড়কের নিয়ম, ট্রাফিক সাইন ও নিরাপত্তা নির্দেশনা ভালোভাবে বোঝাতে ইংরেজি, বাংলা, উর্দু ও ফিলিপিনো ভাষায় ড্রাইভিং শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হতে পারে।
প্রস্তাবটি বাহরাইনের সংসদ সদস্য মারইয়াম আল সায়েগ, ওয়ালিদ আল দোসারি এবং হাসান বুকহাম্মাস উত্থাপন করেছেন। তারা বলছেন, ভাষাগত সমস্যার কারণে অনেক প্রবাসী ড্রাইভিং শেখার সময় ঠিকভাবে নির্দেশনা বুঝতে পারেন না, যা কখনো কখনো ভুল বোঝাবুঝি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।
তাই প্রবাসীদের মাতৃভাষা বা নিজ দেশের ভাষায় দক্ষ প্রশিক্ষক নিয়োগ দিলে শিক্ষার্থীরা সড়ক চিহ্ন, ট্রাফিক সিগন্যাল, গাড়ি চালানোর নিয়ম ও নিরাপদ ড্রাইভিং সম্পর্কে আরো সহজে বুঝতে পারবেন। বাহরাইনের ফরেন অ্যাফেয়ার্স, ডিফেন্স অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি কমিটিও এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে এবং জনস্বার্থে এটি কার্যকর করার সুপারিশ করেছে।
বাহরাইনের আইনপ্রণেতারা মনে করছেন, প্রবাসীদের জন্য মাতৃভাষায় ড্রাইভিং প্রশিক্ষণ চালু হলে সড়ক নিরাপত্তা আরো উন্নত হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমে আসবে। এখন প্রস্তাবটি নিয়ে সরকার বিস্তারিত পর্যালোচনা করবে এবং অনুমোদন পেলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
logo-1-1740906910.png)