ঢাকার বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুর্কি প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:১৩
বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন। সেবার মান ও কার্যক্রমের দক্ষতা বাড়াতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাজ করতে চায়।
এর আগে ১২ মে সচিবালয়ে সেলেবি এভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটিকে গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অগ্রাধিকার বিবেচনার আশ্বাস দেন। আফরোজা খানম সেলেবি এভিয়েশনকে কক্সবাজার বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সুযোগ অনুসন্ধানের আমন্ত্রণ জানান। তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা দেশের পর্যটন উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী মিল্লাত প্রতিষ্ঠানটিকে যাত্রীসেবা মানোন্নয়নের জন্য একটি কনসেপ্ট পেপার জমা দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়। জন-ব্যক্তি অংশীদারিত্ব (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) কাঠামোর মাধ্যমে বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতের উন্নয়নে তুরস্কের সঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
logo-1-1740906910.png)