মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ মে ২০২৬
বাহরাইনের সমুদ্র উপকূলে বয়া নিয়ে সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ২২:০৯
বাহরাইন
বাহরাইনের সমুদ্র উপকূলে বয়া নিয়ে সতর্কবার্তা
বাহরাইনের কমলা রঙের বয়া নিয়ে সতর্কবার্তা জারি করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। এই বয়াগুলো সমুদ্রের কিছু নির্দিষ্ট নিষিদ্ধ এলাকায় বসানো হয়েছে। এই এলাকা মূলত চলমান জরিপ কাজ এবং সমুদ্রের তলদেশে শিল্প-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। নৌকা চালক, জেলে এবং বিনোদনের জন্য সমুদ্রে যাতায়াতকারী সবাইকে এই বয়াগুলোর কাছ থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল আমান কার্যক্রমের অধীনে এই সতর্কতা জারি করেছে। সমুদ্রের নিচে একটি বড় আকারের ত্রিমাত্রিক জরিপ চলমান থাকার কারণে এ সতর্কবার্তা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রের বিভিন্ন অংশে দৃশ্যমান উজ্জ্বল রঙের এই বয়াগুলো কোনো সাজসজ্জা বা সাধারণ নেভিগেশন সহায়ক নয়। এগুলো মূলত সতর্ক সংকেত, যা সক্রিয় কার্যক্রম চলমান থাকা ঝুঁকিপূর্ণ এলাকার পরিসীমা নির্দেশ করে। এসব এলাকায় প্রবেশ করা নৌযান বা মানুষের জন্য গুরুতর বিপদের সম্ভাবনা থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
কুয়েত
কুয়েতে ৪৪ দোকানে ঝুলানো হলো বন্ধের নোটিশ
কুয়েতের শুয়াইখে আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় ৪৪টি দোকান বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। কুয়েতের ফায়ার ফোর্স, বাণিজ্য মন্ত্রণালয় ১৩ মে এই অভিযান পরিচালনা করে। কুয়েতে গরমের দিন আসার আগেই অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে সরকারি সংস্থাগুলো অভিযান শুরু করেছে। কেননা গরমের সময়ে আগুন নেভানোর ব্যবস্থা না থাকলে সম্পদের ক্ষতি ও প্রাণহানির ঘটনা বাড়তে পারে। এদিকে, কুয়েতের সাবাহ আল আহমাদে একটি কুয়েতি পরিবারের বাড়িতে আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৩ মে এই আগুনের ঘটনায় এক কুয়েতি নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে তার দুই সন্তান আর দুই গৃহকর্মী। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার বিষয়ে সরকারের নির্দেশ মেনে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।
সৌদি আরব
মক্কা ও মদিনায় মসজিদে বহু ভাষায় কথা বলা রোবট
সৌদির মক্কার কাবা শরিফ ও মদিনায় মসজিদে নববীতে এবার চালু করা হয়েছে একটি নতুন কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক মাল্টিল্যাঙ্গুয়েজ বহু ভাষাভিত্তিক রোবট। এটি মসজিদগুলোর সেবা ও দিকনির্দেশনা আরো সহজ করতে ব্যবহার করা হচ্ছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, এই রোবটগুলো মূলত হাজিদের নানা ভাষায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, দিকনির্দেশনা দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। রোবটটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে একাধিক ভাষায় যোগাযোগ করতে পারে। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা সহজেই তাদের প্রয়োজনীয় তথ্য পাবেন। এতে আরবি ছাড়াও ইংরেজি, উর্দু, ফারসি এবং অন্যান্য ভাষায় কথোপকথন করা যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই রোবট শুধু সাধারণ তথ্যই না, বরং ধর্মীয় প্রশ্নের ক্ষেত্রেও নির্ভরযোগ্য গাইডলাইন দিতে সক্ষম। যদি কোনো প্রশ্ন সরাসরি ডাটাবেজে না থাকে, তাহলে এটি সংশ্লিষ্ট আলেম বা মুফতির সঙ্গে ভিডিও কলের মাধ্যমে সংযোগ করিয়ে দেবে। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই ধরনের এআই প্রযুক্তি এখন ধীরে ধীরে গ্রান্ড মসজিদ এবং মসজিদে নববীর সেবার মান উন্নত করার বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)