থার্ড টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দ্বিগুণ হবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১৯:২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়বে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। ১৪ মে সকালে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
সভায় বাটজার ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান আরো উন্নত হবে। সেখানে আধুনিক ইমিগ্রেশন ব্যবস্থা, অটোমেটেড কাস্টমস সুবিধা এবং মাল্টি-লেভেল কার পার্কিং ব্যবস্থা যুক্ত করা হচ্ছে। এতে বিমানবন্দর এলাকায় যানজট কমবে এবং যাত্রীদের সময় বাঁচবে।
তিনি আরো বলেন, থার্ড টার্মিনালে নেটওয়ার্ক সংক্রান্ত কোনো বড় সমস্যা হবে না। প্রয়োজন অনুযায়ী রিপিটার বসানো হলে কাভারেজ আরো বাড়ানো সম্ভব হবে।
এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানান, সরকার দেশের বন্ধ থাকা কয়েকটি বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বগুড়া, ঈশ্বরদী, ঠাকুরগাঁও, লালমনিরহাটসহ আটটি বিমানবন্দর চালুর প্রক্রিয়া চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন গতি তৈরি হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সভায় তিনি বলেন, “আমরা চাই বিমানবন্দরগুলো শুধু যাতায়াতের কেন্দ্র না হয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশ হয়ে উঠুক।”
বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী, সিনিয়র সাংবাদিক রাজিব খানসহ সংগঠনের ১৫ জন সদস্য উপস্থিত ছিলেন। তারা বিমানবন্দর উন্নয়ন, যাত্রীসেবা এবং এভিয়েশন খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত দেন।
logo-1-1740906910.png)