Logo
×

Follow Us

বাংলাদেশ

১৬ ডিসেম্বর শাহজালালের থার্ড টার্মিনাল চালুর সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৪৭

১৬ ডিসেম্বর শাহজালালের থার্ড টার্মিনাল চালুর সম্ভাবনা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পরিকল্পনা করেছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, টার্মিনাল চালুর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়েই যাত্রীদের জন্য এটি উন্মুক্ত করা হবে।

১২ মে সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বলেন, নতুন টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং এবং বোর্ডিং প্রক্রিয়ায় আগের তুলনায় অনেক বেশি গতি আসবে। এর ফলে আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে।

মন্ত্রী আরো জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের কথা মাথায় রেখে বিমানের বহর বড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার মিক্সড ফ্লিটের কথা ভাবছে, যাতে বিভিন্ন ধরনের উড়োজাহাজ যুক্ত করে সেবার মান উন্নত করা যায়। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রীদের অভিজ্ঞতা হবে আরো উন্নত।

দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে আফরোজা খানম রিতা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের এভিয়েশন খাতের ইতিবাচক দিকগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন ও আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ যুক্ত করার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

শাহজালালের থার্ড টার্মিনাল চালু হলে শুধু যাত্রীসেবা নয়, দেশের এভিয়েশন খাতেও নতুন যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মানের অবকাঠামো ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক এভিয়েশন মানচিত্রে আরো শক্ত অবস্থান তৈরি করবে।

Logo