Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় আরো দুই বাংলাদেশি নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৪৫

লেবাননে ইসরায়েলি হামলায় আরো দুই বাংলাদেশি নিহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় আরো দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ১১ মে রাতে নাবাতিয়েহ অঞ্চলের একটি আবাসিক এলাকায় হামলার ঘটনায় এ মৃত্যু ঘটে। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। একই ঘটনায় আরো দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, নিখোঁজদের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।

এর আগে ১১ মে দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন দুই বাংলাদেশি প্রবাসী। নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)। তাদের মরদেহ স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ১২ মে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে, ছুর, বিন্তেজ-বেল, মারজায়ুন এবং সাঈদা জেলার গ্রামাঞ্চলে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ এলাকায় আশ্রয় নিতে অনুরোধ করেছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ইসরায়েলের লক্ষ্যবস্তু হতে পারে এমন স্থাপনা পরিহার করে চলতে হবে এবং যেখানে স্পন্সর বা ম্যানেজমেন্টের লোকজন নেই, সেসব স্থান ত্যাগ করতে হবে।

ক্রমাগত হামলার কারণে লেবাননের দক্ষিণাঞ্চলে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দূতাবাসের সতর্কবার্তা তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সরকার বলছে, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা লেবাননের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলকে আহ্বান জানানো হয়েছে যেন এ ধরনের হামলা বন্ধ হয় এবং সাধারণ মানুষকে রক্ষা করা যায়।

Logo