সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সিলেটে সরাসরি বিমান ফ্লাইট চালুর দাবিতে আবারো সরব হয়েছেন প্রবাসীরা। দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে এলেও এখনো তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ ও হতাশা বাড়ছে সিলেট প্রবাসীদের মধ্যে।
এই দাবি সামনে রেখে রিয়াদের আল ইয়াসমিন কমিউনিটি সেন্টারের হলরুমে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘রিয়াদ-সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক আব্দুল আজিজ মাসুক এবং সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াদুদ। সভায় বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।
বক্তারা বলেন, রিয়াদ ও আশপাশের এলাকায় প্রায় সাত লাখ সিলেট প্রবাসীর বসবাস। এত বড় একটি জনগোষ্ঠীর জন্য সরাসরি ফ্লাইট না থাকা অত্যন্ত দুঃখজনক। তারা অভিযোগ করেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নিজ অঞ্চলে সরাসরি যাওয়ার জন্য এখনো ভোগান্তি পোহাতে হচ্ছে।
লিখিত বক্তব্যে প্রবাসীরা উল্লেখ করেন, রিয়াদ থেকে সিলেটে সরাসরি ফ্লাইট না থাকায় যাত্রীদের বাধ্য হয়ে ঢাকা হয়ে বা অন্য রুট ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটিই বাড়ছে। দীর্ঘ ট্রানজিটের কারণে যাত্রা হয়ে উঠছে অত্যন্ত কষ্টকর, বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের জন্য।
সভায় বক্তারা আরো বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে শুধু প্রবাসীদের ভোগান্তিই কমবে না, বরং বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে। তারা এটিকে একটি সম্ভাবনাময় ও লাভজনক রুট হিসেবে বিবেচনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারী ইব্রাহিম আলী, আল ইসলাহ রিয়াদের উপদেষ্টা মাওলানা আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক বুলবুল আহমদ, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহমান এবং জিয়াউল হকসহ আরও অনেকে। তারা একযোগে বলেন, “এটি কোনো আবেগের দাবি নয়, এটি একটি যৌক্তিক ও সময়োপযোগী দাবি, যা দ্রুত বাস্তবায়ন করা উচিত।”
বক্তাদের মতে, রিয়াদ-সিলেট রুট চালু হলে প্রবাসীদের যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন বাড়বে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ আরো সুদৃঢ় হবে। সভা শেষে প্রবাসীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমান সংস্থাগুলোর প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হলে প্রবাসীদের ভোগান্তি আরো বাড়বে।
logo-1-1740906910.png)