দক্ষতা বৃদ্ধিতে পুনরায় চালু হলো সিসিপ বেসিস প্রোগ্রাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫৩
অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) পুনরায় চালু করেছে “স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)”। সরকারি অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির আওতায় চার মাস মেয়াদি কর্মসংস্থানমুখী বিভিন্ন কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ভাতা, সার্টিফিকেট এবং চাকরির সুযোগ পাবেন। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। দেশের আইটি শিল্পকে অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে এই খাতের চাহিদা পূরণ করাই প্রোগ্রামের মূল লক্ষ্য।
প্রোগ্রামের আওতায় আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, পিএইচপি, পাইথন প্রোগ্রামিং, এআই টুলস ম্যানেজমেন্ট ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল সেলস, ইউআই/ইউএক্স, সাইবার সিকিউরিটি এবং ডেভসেকঅপসসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। পূর্বে SEIP প্রকল্পের কোনো কোর্সে অংশগ্রহণ করলে আবেদন করা যাবে না। কোর্সটি অফলাইন হওয়ায় ঢাকায় অবস্থান করতে হবে। জাতীয় পরিচয়পত্র এবং সেই এনআইডি দিয়ে তৈরি রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। সপ্তাহে পাঁচ দিন, প্রতিদিন চার ঘণ্টার বেশি সময় ক্লাসে উপস্থিত থাকতে হবে।
আবেদনকারীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে হবে।
আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর 01711312361 (হোয়াটসঅ্যাপ), ইমেইল info.sicip.basis@gmail.com–এ অথবা সরাসরি বেসিস কার্যালয়ে; বিডিবিএল ভবন, ৩য় তলা (পশ্চিম), কাওরান বাজার, ঢাকা–১২১৫।
logo-1-1740906910.png)