১০ মাসে ঢাকায় সর্বাধিক রেমিট্যান্স, তলানিতে রংপুর বিভাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৫১
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে দেশে সর্বাধিক রেমিট্যান্স এসেছে ঢাকা বিভাগে। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগে। ৭ মে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এ সময় দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৯৩৩ কোটি ১৮ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঢাকায় এসেছে সর্বোচ্চ ১ হাজার ৫২৫ কোটি ১১ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে, ৮১৪ কোটি ৬৪ লাখ ডলার। সিলেট বিভাগে এসেছে ২৩৯ কোটি ৯৪ লাখ ডলার, খুলনায় ১১৫ কোটি ৪৯ লাখ ডলার, রাজশাহীতে ৯২ কোটি ৯৮ লাখ ডলার, বরিশালে ৬৪ কোটি ৩৫ লাখ ডলার, ময়মনসিংহে ৪৮ কোটি ৯ লাখ ডলার এবং রংপুরে এসেছে মাত্র ৩২ কোটি ৫৮ লাখ ডলার।
গত এপ্রিল মাসে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে ঢাকায় এসেছে ১৬৬ কোটি ১২ লাখ ডলার এবং চট্টগ্রামে ৮৫ কোটি ১১ লাখ ডলার। সিলেট বিভাগে এসেছে ২৫ কোটি ৩১ লাখ ডলার, খুলনায় ১১ কোটি ৯৭ লাখ ডলার, রাজশাহীতে ৯ কোটি ৬৬ লাখ ডলার, বরিশালে ৬ কোটি ১৫ লাখ ডলার, ময়মনসিংহে ৪ কোটি ৯৩ লাখ ডলার এবং রংপুরে এসেছে ৩ কোটি ৪৭ লাখ ডলার।
দেশভিত্তিক হিসাবে দেখা যায়, এপ্রিল মাসে সৌদি আরব থেকে এসেছে সর্বাধিক রেমিট্যান্স ৫২ কোটি ৫৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে যুক্তরাজ্য থেকে ৫২ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইতালি, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও কাতার থেকেও উল্লেখযোগ্য রেমিট্যান্স এসেছে।
ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়, এপ্রিল মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫২ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১৯ কোটি ১২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৩৯ কোটি ৪২ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার।
এর আগে মার্চ মাসে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। ফেব্রুয়ারিতে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
logo-1-1740906910.png)