দক্ষিণ কোরিয়া তাদের ছোট হয়ে আসতে থাকা শ্রমবাজার সামাল দিতে এবং বিশ্বে সাংস্কৃতিক প্রভাব বিস্তার করতে বিদেশি কর্মীদের জন্য ভিসা ও আবাসন সংক্রান্ত নিয়ম শিথিল করেছে। দেশটির বিচার মন্ত্রণালয় ৪ এপ্রিল জানিয়েছে, নতুন নীতির মাধ্যমে বিভিন্ন খাতে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়ানো হবে।
দেশটির জনপ্রিয় দৈনিক দি কোরিয়া টাইমস জানিয়েছে, সবচেয়ে আলোচিত পদক্ষেপ হলো ডি-৪ কোরিয়ান কুলিনারি ট্রেইনি ভিসা সহজ করা। আগে অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতার শর্ত থাকলেও এখন তা শিথিল করা হয়েছে। বিশেষ করে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত “সুরা একাডেমি” প্রোগ্রামে ভর্তি আন্তর্জাতিক শিক্ষার্থীরা সহজেই এ ভিসা পাবেন। এর মাধ্যমে কোরিয়ান খাবার ‘হানশিক’ বিশ্বে আরও জনপ্রিয় করার পরিকল্পনা করছে সরকার।
ভিসা ও রেসিডেন্সি পলিসি কাউন্সিলের তৃতীয় অধিবেশনে ছয়টি মন্ত্রণালয় ও দুইটি আঞ্চলিক সরকারের প্রস্তাবের মধ্যে আটটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিল্প খাতে শ্রম সংকট মোকাবিলার উদ্যোগ। বিশেষ করে ফাউন্ড্রি শিল্পে দক্ষ কর্মীর অভাব দূর করতে নতুন ই-৭-৩ ভিসা চালু হচ্ছে। এতে মোল্ড তৈরির কাজকে নতুন পেশা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বছরে ১৫০ জন কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করা হয়েছে।
উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্যও নিয়ম সহজ করা হয়েছে। বিদেশে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করা বিজ্ঞান ও প্রকৌশল স্নাতকদের জন্য ই-৭-১ ভিসার এক বছরের অভিজ্ঞতার শর্ত তুলে দেওয়া হয়েছে। এছাড়া জেজুর ইংলিশ এডুকেশন সিটির আন্তর্জাতিক স্কুলগুলোতে ডি-৪ ভিসার সুযোগ বাড়ানো হয়েছে। এমনকি ওইসিডি দেশগুলোর উচ্চমাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য গ্যাপ-ইয়ার প্রোগ্রামের মাধ্যমে কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পথ তৈরি করা হয়েছে।
logo-1-1740906910.png)