Logo
×

Follow Us

বাংলাদেশ

টানা পাঁচ মাসে তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:০৪

টানা পাঁচ মাসে তিন বিলিয়ন ডলারের বেশি প্রবাসী আয়

বাংলাদেশে প্রবাসী আয় টানা পাঁচ মাস ধরে তিন বিলিয়ন ডলারের বেশি এসেছে। বিদায়ী এপ্রিল মাসেও প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার। এর ফলে গত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসেই তিন বিলিয়নের বেশি আয় এসেছে।

বাংলাদেশ ব্যাংক রোববার এপ্রিলের রেমিট্যান্সের তথ্য প্রকাশ করেছে। ব্যাংকাররা বলছেন, পবিত্র ঈদুল ফিতর এবং মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন। আসন্ন ঈদুল আজহাতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ডলারের দাম বেড়ে যাওয়ায় প্রবাসীরা পাঠানো অর্থে বেশি টাকার বিনিময় পাচ্ছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহ আরো উৎসাহিত হয়েছে।

এর আগে মার্চ মাসে প্রবাসী আয় নতুন রেকর্ড গড়ে। ওই মাসে ৩৭৫ কোটি ডলার পাঠানো হয়, যা এযাবৎকালের সর্বোচ্চ। গত বছরের মার্চের তুলনায় আয় বেড়েছে ১৪ শতাংশ। ডিসেম্বর মাসে ৩২২ কোটি, জানুয়ারিতে ৩১৭ কোটি, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি এবং মার্চে ৩৭৫ কোটি ডলার আয় আসে।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট বাংলাদেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। তাই বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার পরামর্শ দিয়েছেন তারা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে আটজন খ্যাতনামা অর্থনীতিবিদ এ বিষয়ে মত দিয়েছেন।

তারা বলেছেন, বৈশ্বিক সংকট দেখা দিলে রিজার্ভ ও ডলারের ওপর চাপ আসবে। তাই এখনই নীতি সুদহার কমানো উচিত নয়। সংকট কেটে গেলে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্যাংকের ঋণের সুদের হার কমানো যেতে পারে।

Logo