Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাতিল হওয়া কিশোর হজযাত্রীদের ভিসা পুনরায় জমার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৯:০১

বাতিল হওয়া কিশোর হজযাত্রীদের ভিসা পুনরায় জমার সুযোগ

সৌদি আরব এবার ১২ থেকে ১৫ বছর বয়সী বাতিল হওয়া হজযাত্রীদের জন্য নতুন সুযোগ দিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এসব যাত্রীদের ভিসা পুনরায় জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

মন্ত্রণালয়ের হজ-১ শাখা জানায়, চলতি বছরের ১৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরব যাওয়া শুরু হয়েছে। তবে সৌদি সরকার আগে ১২ থেকে ১৫ বছর বয়সী যাত্রীদের ভিসা বাতিল করেছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যায়, বাতিল হওয়া ভিসাগুলো আবারো জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এজন্য শিগগিরই নুসুক মাসার সিস্টেম পুনরায় চালু করা হবে। সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত এসব ভিসা পুনরায় সাবমিট করতে।

এদিকে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১০টি ফ্লাইটে মোট ৪৩ হাজার ৭৭৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানিয়েছেন, আজ সকাল ১০টা পর্যন্ত ১১০টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত সাতজন হজযাত্রী স্বাভাবিক মৃত্যু বরণ করেছেন। এর মধ্যে পাঁচজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে দেখা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৮৫৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৫ হাজার ৮৮ জন এবং ফ্লাইনাসের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮২৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। অবশিষ্ট ৩৪ হাজার ৫৪৩ জন হজযাত্রী ধাপে ধাপে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে যাবেন।

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি৩০০১ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ওই ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী ছিলেন।

Logo