মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ ও অনুমোদিত সময়ের চেয়ে বেশি অবস্থানের দায়ে ৮৬ বাংলাদেশিসহ মোট ১১৩ জন বিদেশি নাগরিককে দণ্ড দিয়েছে দেশটির আদালত। রোববার কেলান্তান রাজ্যের পাসির মাস সেসন্স কোর্টে শুনানি শেষে বিচারক জুলকিফলি আবদুল্লাহ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান ও চীনের নাগরিকও রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল কেলান্তানের ডাবং ও কুয়ালা ক্রাই এলাকার বিভিন্ন নির্মাণাধীন সাইটে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।
আটকদের মধ্যে ৮৫ জনের বিরুদ্ধে অভিবাসন আইনের ধারা ১৫(১)(সি) অনুযায়ী অতিরিক্ত সময় অবস্থানের অভিযোগ আনা হয়। অন্যদিকে ২৮ জনের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে প্রবেশের অভিযোগে ধারা ৬(১)(সি) অনুযায়ী মামলা করা হয়।
শুনানির সময় অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করে দোভাষীর মাধ্যমে লঘুদণ্ডের আবেদন জানান। আসামিপক্ষে আইনজীবী নিক নুর আদিলা নিক সুয়াকি ৪০ জনের প্রতিনিধিত্ব করেন, তবে বাকিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর সিটি খায়দিজাহ খাইরুদ্দিন। মালয়েশিয়ার আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১০ হাজার রিঙ্গিত জরিমানা বা পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
বিচার শেষে আদালত ৪০ জনকে ১০ হাজার রিঙ্গিত করে জরিমানা দিতে নির্দেশ দেয়। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাদের তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে অবশিষ্ট ৭৩ জনকে সরাসরি তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা বর্তমানে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ প্রবেশ ও অবস্থান রোধে অভিযান অব্যাহত থাকবে।
logo-1-1740906910.png)