জার্মানিতে বসবাসরত প্রবাসীদের জন্য মে ২০২৬ নিয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। সরকারি ছুটি থেকে শুরু করে ট্রেন ভাড়া স্থগিত, জ্বালানি কর ছাড়, নবজাতকের স্বাস্থ্য পরীক্ষা এবং নতুন ভর্তুকি প্ল্যাটফর্ম; সব মিলিয়ে প্রবাসীদের জীবনযাত্রায় বড় প্রভাব ফেলবে এই মাস।
প্রথমেই রয়েছে তিনটি জাতীয় ছুটি। ১ মে শ্রমিক দিবস, ১৪ মে অ্যাসেনশন ডে, যা একই সঙ্গে জার্মানিতে ফাদার্স ডে হিসেবেও পালিত হয়, আর ২৫ মে হুইট মানডে। এসব ছুটি দেশজুড়ে উদযাপিত হবে নানা উৎসব, মিছিল ও সাংস্কৃতিক আয়োজনে।
পরিবহন খাতে বড় পরিবর্তন এসেছে। ডয়েচে বান ঘোষণা করেছে, ২০২৬ সালের মে থেকে ২০২৭ সালের মে পর্যন্ত দীর্ঘ দূরত্বের ট্রেন টিকিটের দাম বাড়ানো হবে না। যদিও মৌসুম ও সময়ভেদে ডায়নামিক প্রাইসিং চালু থাকবে, তাই আগেভাগে টিকিট কিনলে ভ্রমণকারীরা সাশ্রয়ী ভাড়া পাবেন।
জ্বালানি খাতে কর ছাড় দেওয়া হয়েছে। ১ মে থেকে জুনের শেষ পর্যন্ত পেট্রোল ও ডিজেলের ওপর কর প্রায় ১৭ সেন্ট কমানো হয়েছে। এতে সরকারের খরচ হবে প্রায় ১.৬ বিলিয়ন ইউরো। আশা করা হচ্ছে, কোম্পানিগুলো এই সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দেবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব কত দ্রুত দেখা যাবে, তা এখনো অনিশ্চিত।
এপ্রিলের শেষে সরকার ঘোষণা করেছে করমুক্ত “রিলিফ বোনাস”। নিয়োগকর্তারা চাইলে কর্মীদের সর্বোচ্চ ১ হাজার ইউরো পর্যন্ত করমুক্ত বোনাস দিতে পারবেন, যা ২০২৭ সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে। তবে এটি বাধ্যতামূলক নয়। ৮ মে বুন্ডেসরাটে এ বিষয়ে ভোট হবে।
পরিবেশবান্ধব যানবাহন ব্যবহারে উৎসাহ দিতে সরকার বৈদ্যুতিক গাড়ি কেনার জন্য ভর্তুকি দিচ্ছে। মে মাসে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু হবে, যেখানে নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলো ১ হাচার ৫০০ থেকে ৬ হাজার ইউরো পর্যন্ত ভর্তুকি দাবি করতে পারবে। জানুয়ারি থেকে কেনা গাড়ির ক্ষেত্রেও আবেদন করা যাবে।
স্বাস্থ্য খাতে নতুন নিয়ম এসেছে। ১৫ মে থেকে নবজাতকের স্বাস্থ্য পরীক্ষায় অতিরিক্ত চেক যুক্ত হবে। ডাক্তাররা শিশুদের ভিটামিন বি১২ ঘাটতি ও সংশ্লিষ্ট বিপাকজনিত রোগের লক্ষণ পরীক্ষা করবেন।
সবশেষে, ২৩ মে জার্মানির সংবিধান দিবস হিসেবে পালিত হবে। ১৯৪৯ সালে এই দিনে জার্মানির ফেডারেল সংবিধান অনুমোদিত হয়েছিল। প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উদ্যোগে দিনটি এখন থেকে আনুষ্ঠানিকভাবে পালিত হবে, যাতে নাগরিকরা গণতন্ত্র ও জনজীবনে আরো সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত হন।
logo-1-1740906910.png)