Logo
×

Follow Us

বাংলাদেশ

লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৮

লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ২৮ এপ্রিল ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ কমিউনিটি ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে আলোচনা করে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। মরদেহ হস্তান্তরের আগে লিমনের পরিবারের সম্মতি নেওয়া হয়। পরবর্তী সব আনুষ্ঠানিকতা মুসলিম রীতিতে সম্পন্ন হবে। মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হতে আরও দুই-এক দিন সময় লাগতে পারে।

প্রসঙ্গত, ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে তার পারিবারিক বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় কয়েকটি কালো আবর্জনার ব্যাগের মধ্যে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

আদালতের নথি অনুযায়ী, মরদেহে কোনো কাপড় ছিল না এবং একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবুঘরবেহর বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধারের কথাও উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃতদেহ এখনো পাওয়া যায়নি। তবে লিমনের মরদেহ উদ্ধারের স্থানের কাছাকাছি একটি জলাশয়ে ২৬ এপ্রিল একটি মৃতদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। সেটি বৃষ্টির কিনা, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিমনের মরদেহ দেশে পাঠানোর সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে তারা কাজ করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে এবং লিমনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

Logo