বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ব্রুনাইতে দক্ষ ও অদক্ষ শ্রমিক নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই সরকারি প্রক্রিয়ায় আবেদনকারীদের জন্য নিরাপদ ও স্বচ্ছ অভিবাসনের সুযোগ নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্রুনাইয়ের বিভিন্ন কোম্পানিতে মেসন, কনস্ট্রাকশন ওয়ার্কার, লেবারার, লরি ড্রাইভার এবং ঘাস কাটার কর্মীসহ বিভিন্ন পদে মোট ৮২ জন শ্রমিক নেওয়া হবে। প্রতিটি পদে নির্দিষ্ট সংখ্যক কর্মী প্রয়োজন এবং বেতন দৈনিক ২০ থেকে ৩০ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। লরি ড্রাইভারদের জন্য মাসিক বেতন আরো বেশি।
আবেদনকারীদের বয়সসীমা পদভেদে ২০ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। শারীরিকভাবে সুস্থ এবং নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের জন্য কোম্পানির পক্ষ থেকে বাসস্থান, চিকিৎসা সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। নির্দিষ্ট সময় শেষে দেশে ফেরার সুযোগও থাকবে। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। বিস্তারিত তথ্য https://boesl.gov.bd/views/latest-news লিংকে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সম্পৃক্ততা নেই। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, কেউ যেন কোনো ব্যক্তিকে টাকা না দেয় বা প্রতারণামূলক প্রলোভনে না পড়ে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ব্রুনাইতে দক্ষ জনশক্তি পাঠানোর মাধ্যমে বাংলাদেশের শ্রমবাজারে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে কর্মীরা উন্নত অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরে আরো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন।
logo-1-1740906910.png)