Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

পুনরায় চালু হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪

পুনরায় চালু হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন পাবলিক অথরিটি অব সিভিল এভিয়েশনের মহাপরিচালক শেখ হুমুদ মুবারক হুমুদ আল-জাবের আল-সাবাহ। ২৩ এপ্রিল সন্ধ্যা থেকে বিমানবন্দরের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। তিনি কুনা সংবাদ সংস্থাকে জানান, আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা ও সুরক্ষা মান বজায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেখ হুমুদ বলেন, বিমানবন্দর পুনরায় চালু করা হচ্ছে একটি পরিকল্পিত ধাপে ধাপে প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে নির্দিষ্ট কিছু স্টেশন চালু করা হবে, যা অপারেশনাল প্রয়োজন অনুযায়ী অগ্রাধিকার পাবে। প্রতিটি ধাপ মূল্যায়ন শেষে পরবর্তী ধাপে যাওয়া হবে।

তিনি জানান, ইরানি হামলা ও তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীর কারণে বিমানবন্দরের কিছু স্থাপনায় ক্ষতি হয়েছিল। ইতোমধ্যে প্রযুক্তিগত দলগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে। অপারেশনাল যন্ত্রপাতি ও অবকাঠামোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে কাজ চলছে।

শেখ হুমুদ সিভিল এভিয়েশন কর্মী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর দক্ষতা ও তৎপরতার প্রশংসা করেন। তিনি বলেন, তাদের প্রচেষ্টায় বিমানবন্দর দ্রুত কার্যক্রমে ফিরতে সক্ষম হয়েছে।

তিনি সৌদি আরবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তারা কুয়েতি এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনায় সহযোগিতা করেছে। পাশাপাশি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) দেশগুলোর যৌথ সমন্বয় ও ঐক্যবদ্ধ আকাশসীমা ব্যবস্থাপনা আঞ্চলিক বিমান চলাচল সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শেখ হুমুদ বলেন, রাজনৈতিক নেতৃত্বের সমর্থন সংকট মোকাবিলায় বড় ভূমিকা রেখেছে। তাদের সহযোগিতায় বিমানবন্দর দ্রুত পুনরুদ্ধার হয়েছে এবং কার্যক্রম দক্ষতার সঙ্গে পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছিল। প্রায় দুই মাস পর আবারো বিমানবন্দর চালু হওয়ায় যাত্রী ও কার্গো পরিবহনে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।

Logo