চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীদের সেবা নিশ্চিতের দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১১:০৭
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও বিদেশফেরত প্রবাসীদের সেবা নিশ্চিতে একটি সুনির্দিষ্ট কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর।
২২ এপ্রিল চট্টগ্রাম বোট ক্লাবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি বলেন, প্রবাসীদের নানা সংকট রয়েছে। অনেকেই শূন্য হাতে দেশে ফেরেন, বিশেষ করে নারী প্রবাসীদের সমস্যাগুলো আলাদা। একটি সুনির্দিষ্ট এসওপি থাকলে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা স্পষ্ট হবে এবং সমন্বিত প্রচেষ্টায় প্রবাসীরা উন্নত সেবা পাবেন।
তিনি ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে চট্টগ্রাম বিমানবন্দরে ফেরত আসা ৫১ জন প্রবাসীকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান। ভবিষ্যতে সরকারি-বেসরকারি উদ্যোগে একটি স্থায়ী সেবা কাঠামো তৈরির আশাবাদ ব্যক্ত করেন।
শাহ আমানত বিমানবন্দর পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন, পর্যটক হিসেবে বা অনিয়মিত পথে বিদেশ যাওয়ার প্রবণতা সরকার বন্ধ করতে চায়। বিমানবন্দরে নজরদারি জোরদার করলে সাগরপথে অবৈধভাবে বিদেশযাত্রা রোধ করা সম্ভব হবে।
বিমানবন্দরের উপপরিচালক (সিএনএস) মোহাম্মদ উল্লাহ বলেন, দক্ষতা ও সঠিক নিয়ম মেনে বিদেশে গেলে প্রবাসীদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। অদক্ষ হয়ে বিদেশে যাওয়াই সংকটের অন্যতম কারণ।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান। তিনি জানান, গত পাঁচ বছরে শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৫ হাজার এবং দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৪০ হাজার ক্ষতিগ্রস্ত প্রবাসীকে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক।
সভায় উপস্থিত ছিলেন শাহ আমানত বিমানবন্দরের উপপরিচালক (এটিএম-স্যাটো) সাধন কুমার মহন্ত, সহকারী পরিচালক মুমিনুর রশিদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন, জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি।
logo-1-1740906910.png)