বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে এক কোটি ৩০ লাখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন। সংসদে মৌলভীবাজার-১ আসনের এমপি নাছির উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য দেন।
মন্ত্রী আরো জানান, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৭৪৫ জন। এর মধ্যে শুধু ২০২৫ সালেই ১১ লাখ ৩২ হাজার ৫১৯ জন কর্মী বিদেশে গেছেন। এদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৬২ হাজার ৩৫২ জন।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। ২০২৩-২৪ অর্থবছরে এসেছে ২৩ দশমিক ৯২ বিলিয়ন মার্কিন ডলার, ২০২৪-২৫ অর্থবছরে ৩০ দশমিক ৩২ বিলিয়ন এবং চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত এসেছে ২৯ দশমিক ২২ বিলিয়ন ডলার।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালিকাশক্তি নন, তারা বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল করছেন। তিনি জানান, সরকার দক্ষ জনশক্তি তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে, যাতে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা বাড়ে।
সংসদে প্রতিমন্ত্রী নুরুল হক (নুর) মন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং রেমিট্যান্স প্রেরণ আরো সহজ করতে ব্যাংকিং চ্যানেল শক্তিশালী করা হয়েছে।
অন্যদিকে সংসদে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুর বারী জানান, দেশের সরকারি খাদ্য গুদামে বর্তমানে ১৭ দশমিক ৭১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চাল ১৪ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন এবং গম তিন দশমিক শূন্য ৭ লাখ মেট্রিক টন। তিনি বলেন, সরকারি খাদ্যগুদামে মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে।
প্রবাসী কর্মীদের সংখ্যা ও রেমিট্যান্স প্রবাহের এই তথ্য আবারো প্রমাণ করছে, দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হলো প্রবাসী বাংলাদেশিরা। তাদের শ্রম, দক্ষতা ও অবদান দেশের উন্নয়নে অপরিহার্য হয়ে উঠেছে।
logo-1-1740906910.png)