Logo
×

Follow Us

বাংলাদেশ

ফিজিতে দক্ষ কর্মী নিয়োগে নতুন সুযোগ দিচ্ছে বোয়েসেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩২

ফিজিতে দক্ষ কর্মী নিয়োগে নতুন সুযোগ দিচ্ছে বোয়েসেল

বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) ফিজিতে দক্ষ কর্মী নিয়োগের নতুন সার্কুলার প্রকাশ করেছে। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো এজেন্ট বা ডেল নেই, আগ্রহী প্রার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন।

২০ এপ্রিল প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে হেভি ভেহিকল ড্রাইভার, এক্সক্যাভেটর অপারেটর, গ্রেডার মেশিন অপারেটর, ফর্কলিফট অপারেটর, স্প্রে পেইন্টার, প্যানেল বিটার, অটোমোবাইল ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক, বাস বডি বিল্ডার, কার্পেন্টার, ফার্নিচার অ্যাসেম্বলার, ফার্নিচার পলিশার, ওয়েল্ডার এবং ফ্লিট ম্যানেজারসহ আরো কয়েকটি পদ।

বেতন কাঠামোও আকর্ষণীয়। হেভি ভেহিকল ড্রাইভারদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ ফিজি ডলার। অন্য পদগুলোতে ঘণ্টাপ্রতি ৬.৫০ থেকে ৭.৫০ ফিজি ডলার দেওয়া হবে। আনুমানিক হিসাবে এক ফিজি ডলার প্রায় ৫৫ টাকা সমমূল্যের। অর্থাৎ মাসিক বেতন হবে আনুমানিক ৮০-৯০ হাজার টাকা, যা প্রবাসী কর্মীদের জন্য একটি বড় সুযোগ।

যোগ্যতার ক্ষেত্রে বেশির ভাগ পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার ও মেশিন অপারেটরদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক। ফ্লিট ম্যানেজার পদে মানবসম্পদ ব্যবস্থাপনা ও যানবাহন পরিচালনায় অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

বোয়েসেল জানিয়েছে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। সরকারি ব্যবস্থাপনায় নিয়োগ হওয়ায় প্রার্থীরা প্রতারণার ঝুঁকি ছাড়াই আবেদন করতে পারবেন। একই সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে দক্ষ কর্মীদের জন্য ফিজিতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই নিয়োগ প্রক্রিয়া বাংলাদেশি কর্মীদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যারা দক্ষতা অর্জন করেছেন কিন্তু দেশে উপযুক্ত কর্মসংস্থান পাচ্ছেন না, তারা ফিজিতে ভালো বেতন ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ পাবেন।

Logo