Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

হজে ভিজিট ভিসায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৯

হজে ভিজিট ভিসায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল সৌদি আরব

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ বছর হজ মৌসুমে কোনো ধরনের ভিজিট ভিসা নিয়ে মক্কায় প্রবেশ করা যাবে না। শুধু বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানে প্রবেশ করতে পারবেন।

গালফ নিউজে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, হজ মৌসুম শুরু হবে জিলকদ মাসের শুরু থেকে এবং চলবে জিলহজ মাসের ১৪ তারিখ পর্যন্ত। মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই সময়কালে কেউ যদি অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করে, তা আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে।

কর্তৃপক্ষ সতর্ক করেছে, ভিজিট ভিসাধারীরা যদি হজ পালনের চেষ্টা করেন বা মক্কায় প্রবেশ করেন, তাদের সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া যারা অনুমতি ছাড়া হজ পালন করবেন, তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে এবং আগামী ১০ বছর সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এই পদক্ষেপের সঙ্গে মিল রেখে ওমরাহ ভিসাধারীদেরও নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। গত ১৮ এপ্রিল ছিল উমরাহ ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন। নির্ধারিত সময়ের পর দেশে অবস্থান করলে তা আইন ভঙ্গ হিসেবে গণ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, কোনো কোম্পানি বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যদি ভিসাধারীদের অতিরিক্ত অবস্থান রিপোর্ট না করে, তবে তাদের সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং বিপুলসংখ্যক হাজিদের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি বছর লাখো মুসলমান হজ পালনের জন্য সৌদি আরবে যান। তাই ভিজিট ভিসায় প্রবেশ বন্ধ করে শুধু বৈধ পারমিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই কঠোর পদক্ষেপ হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। একই সঙ্গে হাজিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে।

Logo