মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ এপ্রিল ২০২৬
বাহরাইনের সংসদে রেসিডেন্সি পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিতর্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৬:০৩
বাহরাইন
বাহরাইনের সংসদে রেসিডেন্সি পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিতর্ক
বাহরাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স তাদের রেসিডেন্স পারমিটের সঙ্গে সরাসরি যুক্ত করার প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা ও বিতর্ক চলছে। প্রস্তাব অনুযায়ী, কোনো প্রবাসীর রেসিডেন্স ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে, তার ড্রাইভিংসহ সংশ্লিষ্ট সব ধরনের লাইসেন্সও স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যাবে, যাতে অবৈধভাবে কাজ বা অবস্থান না করা যায়। প্রস্তাবের সমর্থকদের মতে, এটি শ্রমবাজারে শৃঙ্খলা আনবে, ভিসা ও লাইসেন্স ব্যবস্থার অপব্যবহার কমাবে এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়াবে। তবে বিরোধীরা বলছেন, এতে বৈধ প্রবাসীদের জন্য অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে রেসিডেন্স নবায়নে দেরি হলে ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য লাইসেন্স বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। তারা আরো যুক্তি দিচ্ছেন যে বর্তমান আইনেই অনেক ক্ষেত্রে রেসিডেন্স শেষ হলে বেশ কিছু সেবা এমনিতেই সীমিত হয়ে পড়ে। তাই নতুন করে সব লাইসেন্সকে সরাসরি রেসিডেন্সির সঙ্গে যুক্ত করলে জটিলতা আরো বাড়তে পারে। ফলে বিষয়টি এখনো চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
কুয়েত
কুয়েতে ট্রাফিক অভিযানে বেপরোয়া চালক ও অবৈধ প্রবাসী আটক
কুয়েতে নিরাপত্তা অভিযানে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী এবং ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ইউনিটের যৌথ পরিচালনায় এই অভিযানের মাধ্যমে আবাসন আইন ভঙ্গকারী ৩০ প্রবাসী এবং বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ গাড়ি চালককে শনাক্ত করে আটক করা হয়। এদের অনেকের বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে অবৈধভাবে অবস্থানকারী ব্যক্তি এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের নিয়ন্ত্রণে আনা যায়। একই সঙ্গে জনগণকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে এবং এ ব্যাপারে কোনো আপস করা হবে না। দেশটিতে থাকা প্রবাসীদেরও এ ব্যাপারে সতর্ক হতে হবে।
এদিকে, কুয়েতের হাওয়াল্লি (Hawally) এলাকায় স্বাস্থ্যবিধি ও লাইসেন্সের নিয়ম লঙ্ঘনের কারণে বেশ কয়েকটি খাবারের দোকান বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাওয়াল্লি গভর্নরেটের মিউনিসিপ্যালিটি পরিদর্শন দল নিয়মিত অভিযানের সময় এসব ফুড আউটলেটের বিরুদ্ধে গুরুতর স্বাস্থ্য ও লাইসেন্স লঙ্ঘনের অভিযোগ পায়। যার মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং বৈধ লাইসেন্স সংক্রান্ত শর্ত না মানা।সরেজমিনে তদন্তে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং খাদ্য ব্যবসায় মান বজায় রাখতে এ ধরনের পরিদর্শন ও অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং যে কোনো ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সৌদি আরব
সৌদিতে নিরাপত্তা অভিযানে অবৈধ প্রবাসী আটক
সৌদি আরবের নিরাপত্তা বাহিনী চলমান অভিযানে বিভিন্ন দেশের অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার যৌথ অভিযানে মোট ১৪ হাজার ৪৮৭ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। বাকিদের মধ্যে বাংলাদেশি আছেন কিনা, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৯১১ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৫৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ২ হাজার ৯৮৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে। একই সময়ে মোট ২১ হাজার ১২৭ জন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য পাঠানো হয়েছে, ১১ হাজার ২৪০ জনকে ভ্রমণ বুকিং সম্পন্ন করার জন্য প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং ১২ হাজার ৫৫৪ জনকে নিজ দেশে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে।
এছাড়া, সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় মোট ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬১ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধভাবে প্রবেশকারী বা অবস্থানকারী ব্যক্তিদের পরিবহন, আশ্রয় বা কাজের সুযোগ দেওয়ার অভিযোগে ২৩ জন সৌদি নাগরিককে আটক করা হয়েছে। বর্তমানে মোট ৩৯ হাজার ২৫৮ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্কতা দিয়ে জানিয়েছে, যদি কেউ অবৈধভাবে কাউকে দেশে প্রবেশ করায়, পরিবহন করে, আশ্রয় দেয় বা কোনো ধরনের সহায়তা করে, তাহলে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে কিউআর কোড স্ক্যান নিয়ে পুলিশের সতর্কতা
আমিরাতের দুবাই পুলিশ নতুন ধরনের প্রতারণা নিয়ে জনগণকে সতর্ক করেছে। প্রতারক ও হ্যাকাররা জাল (fake) কিউআর কোড ব্যবহার করে মানুষের ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করছে।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, প্রতারকরা সাধারণত পোস্টার, পার্কিং টিকিট, রেস্টুরেন্ট মেনু, পার্সেল ডেলিভারি নোটিস বা অনলাইন বিজ্ঞাপনের মতো দেখতে ভুয়া কিউআর কোড বসিয়ে দেয়, যাতে মানুষ স্ক্যান করলে একটি নকল ওয়েবসাইটে চলে যায়। ওই ওয়েবসাইটগুলো দেখতে আসল ব্যাংক, সরকারি সেবা বা পরিচিত প্রতিষ্ঠানের মতো হলেও মূল উদ্দেশ্য থাকে ব্যবহারকারীর ব্যাংকিং তথ্য, পাসওয়ার্ড বা কার্ড ডেটা সংগ্রহ করা।
কর্তৃপক্ষ জানিয়েছে, একবার এসব ভুয়া লিংকে প্রবেশ করলে অনেক সময় ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার ঢুকে যেতে পারে, যা পরবর্তী সময়ে গোপনে তথ্য চুরি করে নিতে বিশেষভাবে সক্ষম। বিশেষ করে পার্কিং পেমেন্ট, জরুরি জরিমানা বা অফার/ডিসকাউন্টের নামে দ্রুত কিউআর কোড স্ক্যান করতে বলা হলে সে ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।
দুবাই পুলিশ জনগণকে পরামর্শ দিয়েছে, অজানা উৎসের কিউআর কোড স্ক্যান না করতে, সন্দেহজনক লিংকে ব্যক্তিগত বা ব্যাংক তথ্য না দিতে এবং যে কোনো পেমেন্ট বা সরকারি সেবা ব্যবহারের ক্ষেত্রে শুধু অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে। একই সঙ্গে তারা জানিয়েছে, সাইবার অপরাধ দমনে এ ধরনের প্রতারণার বিরুদ্ধে নজরদারি ও আইনগত ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং সন্দেহজনক কোনো ঘটনা দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করারও আহ্বান জানানো হয়েছে।
ওমান
ওমান এয়ারের ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত
ওমানের সরকারি বিমান সংস্থা ওমান এয়ার তাদের ফ্লাইট রুট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এয়ারলাইন্স কর্তৃক্ষ তাদের আন্তর্জাতিক ফ্লাইট নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা, কলকাতা, মুম্বাই রুটে সেবার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে যাত্রীদের জন্য বাংলাদেশ ও ভারতে যাতায়াত আরো সহজ ও সুবিধাজনক হবে আশা করা হচ্ছে। বিশেষ করে ওমান ও দক্ষিণ এশিয়ার মধ্যে যাত্রী চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই রুটগুলোতে অতিরিক্ত ফ্লাইট বা বর্ধিত সেবা চালু করা হচ্ছে, যাতে ভ্রমণ সময়সূচি আরো নমনীয় ও সুবিধাজনক হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই সম্প্রসারণের ফলে প্রবাসী যাত্রী, ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য যোগাযোগ আরো উন্নত হবে এবং এটি মাসকাটকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে আরো শক্তিশালী করবে। একই সঙ্গে ঢাকা, মুম্বাই ও কলকাতার সঙ্গে ওমানের বিমান যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় দুই অঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
logo-1-1740906910.png)