Logo
×

Follow Us

বাংলাদেশ

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:২৫

প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ

প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে। ১৮ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, প্রবাসীরা এই কার্ডের মাধ্যমে নানা ধরনের সুবিধা পাবেন। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর অংশ হিসেবে সরকার ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রুমানিয়া, পর্তুগাল, ব্রাজিল ও রাশিয়া। এসব দেশে শ্রমিক পাঠানোর চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিবাসনের পরিমাণ ও গুণমান বাড়াতে দেশজুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কারিগরি শিক্ষায় বহুভাষা ও দক্ষতা বৃদ্ধির কারিকুলাম চালু করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ তৈরি হবে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডে মাসিক ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়া হচ্ছে। একইভাবে ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। এই কার্ডে ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সংযুক্ত রয়েছে, যা কৃষকদের উৎপাদন ও জীবিকা উন্নয়নে সহায়ক হবে।

তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জনকল্যাণমূলক উদ্যোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অর্থনৈতিক সংস্কার।

কূটনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ‘প্রবাসী কার্ড’ চালু হলে প্রবাসীরা দেশে ও বিদেশে আরো বেশি সুবিধা পাবেন। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। একই সঙ্গে নতুন শ্রমবাজারে প্রবেশের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

Logo