কুয়েত
কুয়েতে শ্রমিকদের ভিসা ট্রান্সফার নিয়ে সরকারি ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২২:৩৮
কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসুফ নির্দিষ্ট খাতের শ্রমিকদের ভিসা ট্রান্সফারের অনুমতি দিয়েছেন। এর ফলে ছোট ও মাঝারি প্রতিষ্ঠান, শিল্প, কৃষি, পশুপালন এবং মাছ ধরার মতো খাতে কর্মরত শ্রমিকরা মূল নিয়োগকর্তার অনুমতি নিয়ে অন্য খাতে স্থানান্তরিত হতে পারবেন। আরব টাইমস প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ মে ২০২৬ থেকে এবং চলবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। অর্থাৎ দুই মাসের জন্য শ্রমিকরা ভিসা ট্রান্সফারের সুযোগ পাবেন।
কুয়েত দীর্ঘদিন ধরে বিদেশি শ্রমিকদের নিয়োগ ও ভিসা-সংক্রান্ত নিয়মকানুনে পরিবর্তন আনার চেষ্টা করছে। নতুন এই সিদ্ধান্ত শ্রমিকদের জন্য কিছুটা নমনীয়তা তৈরি করবে। তবে শর্ত হিসেবে মূল নিয়োগকর্তার অনুমতি বাধ্যতামূলক রাখা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ শ্রমিকদের জন্য ইতিবাচক হলেও এটি নিয়োগকর্তার সম্মতি ছাড়া সম্ভব নয়। ফলে শ্রমিকদের ওপর নিয়োগকর্তার নিয়ন্ত্রণ বজায় থাকবে। অন্যদিকে, শ্রমিকদের জন্য এটি একটি সম্ভাবনা তৈরি করছে। যারা দীর্ঘদিন ধরে একই খাতে কাজ করছেন এবং অন্য খাতে যেতে চান, তারা নিয়োগকর্তার অনুমতি পেলে এই সুযোগ কাজে লাগাতে পারবেন। বিশেষ করে কৃষি ও পশুপালন খাতের শ্রমিকরা শিল্প বা সেবা খাতে যেতে চাইলে এই সময়সীমা তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
এদিকে, কুয়েত এয়ারওয়েজ আবারো ঢাকা রুটে ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। দ্য গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরবের দাম্মাম হয়ে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। এই উদ্যোগটি মূলত বর্তমান পরিস্থিতির কারণে বিকল্প রুট ব্যবহার করে যাত্রীদের জন্য ভ্রমণ সুবিধা চালু রাখার অংশ হিসেবে নেওয়া হয়েছে। এতে যাত্রীরা প্রথমে কুয়েত থেকে স্থলপথে সৌদি আরবের দাম্মামে পৌঁছাবেন এবং সেখানকার কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
খবর অনুযায়ী, কুয়েত এয়ারওয়েজ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে একই ধরনের “হাইব্রিড” ব্যবস্থা চালু করেছে, যেখানে আকাশপথ ও স্থলপথ মিলিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। এর মাধ্যমে যাত্রীদের যাতায়াত অব্যাহত রাখা এবং চাহিদা পূরণের চেষ্টা করছে সংস্থাটি। এই রুট চালুর ফলে বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের জন্য ভ্রমণ সহজ হবে বলে আশা করা হচ্ছে। কারণ কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের জন্য ঢাকা একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।
logo-1-1740906910.png)