Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় এক বাংলাদেশির উদ্যোগে নতুন শ্রমিক নিয়োগ ব্যবস্থা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২২:১০

মালয়েশিয়ায় এক বাংলাদেশির উদ্যোগে নতুন শ্রমিক নিয়োগ ব্যবস্থা

মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগে নতুন একটি ডিজিটাল ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে। এই ব্যবস্থা তৈরি করেছে বেস্টিনেট নামের প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত শ্রমিক ব্যবসায়ী আমিনুল ইসলাম।

ব্লুমবার্গ ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নতুন সফটওয়্যারটির নাম দেওয়া হয়েছে ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম। এর মাধ্যমে নিয়োগকর্তারা সরাসরি শ্রমিক নিয়োগ করতে পারবেন, ফলে মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত ফি নেওয়ার সুযোগ কমে যাবে। এতে একটি ডিজিটাল পোর্টাল থাকবে, যেখানে নিয়োগকর্তারা নিবন্ধন করে শ্রমিক খুঁজে নিতে পারবেন।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান ফেব্রুয়ারিতে স্থানীয় একটি সাক্ষাৎকারে এই নতুন ব্যবস্থার কথা উল্লেখ করেছিলেন। তবে তখন তিনি বেস্টিনেটের নাম প্রকাশ করেননি। এর আগে ব্লুমবার্গের এক অনুসন্ধানী প্রতিবেদনে মালয়েশিয়ার শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি উঠে আসে। সেখানে আমিনুল ইসলাম ও তার প্রতিষ্ঠান বেস্টিনেটের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।

বেস্টিনেট বর্তমানে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (FWCMS) পরিচালনা করছে, যা বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে শ্রমিক নিয়োগে ব্যবহৃত হয়। এই সিস্টেমে স্বাস্থ্য পরীক্ষা, বীমা এবং এজেন্টদের সম্পৃক্ততা রয়েছে। তবে বাংলাদেশ সরকার ২০২৪ সালে মালয়েশিয়াকে এই সিস্টেম বন্ধ করার আহ্বান জানিয়েছিল এবং আমিনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তিনি শ্রমিকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আদায়ে ভূমিকা রেখেছেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, বেস্টিনেটকে ১২ বছরের জন্য একটি চুক্তি দেওয়া হতে পারে। এতে প্রতিটি শ্রমিক নিয়োগের আবেদন বাবদ কোম্পানিগুলোকে ১ হাজার মার্কিন ডলার এবং শ্রমিকের এক মাসের বেতনের সমপরিমাণ ফি দিতে হবে। মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ২১ লাখ নিবন্ধিত স্বল্প দক্ষ শ্রমিক রয়েছে।

তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্কও রয়েছে। অনেক কর্মকর্তা মনে করছেন, বেস্টিনেটকে আরো ক্ষমতা দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা কমে যেতে পারে। আবার কেউ কেউ বলছেন, বড় কোম্পানিগুলোর জন্য সরাসরি নিয়োগ কঠিন হবে এবং মধ্যস্বত্বভোগী বাদ দিলে নিয়োগ প্রক্রিয়া আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে।

আমিনুল ইসলাম দাবি করেছেন, তিনি শ্রমিকদের স্বার্থেই কাজ করছেন এবং নতুন সিস্টেমে খরচ কমবে। তিনি এমনকি বলেছেন, এই উদ্যোগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ২০২৭ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থী করে তুলতে পারে।

Logo