Logo
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইটের উদ্যোগ; নোয়াখালীতে সমীক্ষা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইটের উদ্যোগ; নোয়াখালীতে সমীক্ষা

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। ১৫ এপ্রিল সংসদের বৈঠকে বিএনপি দলীয় সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়ম-নীতি ও উপযুক্ততা যাচাইপূর্বক ইতোমধ্যে আইসিএও (ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) সনদপত্র গ্রহণ করা হয়েছে। রানওয়ে সম্প্রসারণ করে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। পাশাপাশি ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের নতুন আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। সব অপারেশনাল সুবিধা নিশ্চিত করতে টেস্টিং ও কমিশনিং কার্যক্রম চলছে।

তিনি জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে চালু করতে কয়েক মাস সময় লাগবে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশি-বিদেশি এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করছে এবং প্রতিষ্ঠানটি লাভজনক অবস্থায় রয়েছে। তবে উড়োজাহাজ স্বল্পতার কারণে আয় বৃদ্ধিতে সীমাবদ্ধতা রয়েছে। নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হলে বিমান আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

মন্ত্রী আরো বলেন, বিমানের নেটওয়ার্ক ও ফ্লিট প্ল্যান অনুযায়ী নতুন উড়োজাহাজ সংযোজন এবং পুরাতন উড়োজাহাজ বাদ দেওয়ার পদক্ষেপ চলছে। নতুন উড়োজাহাজ আসার আগে লিজ ভিত্তিতে উড়োজাহাজ সংগ্রহের কার্যক্রমও অব্যাহত রয়েছে। যাত্রীদের সুবিধার্থে অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে হয়রানি কমে। বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটে ৮০ শতাংশ অন টাইম পারফরম্যান্স অর্জিত হয়েছে।

সংসদে অন্য প্রশ্নের জবাবে তিনি জানান, বগুড়া, লালমনিরহাট ও ঠাকুরগাঁও থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাবনা রয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব অঞ্চলে বিমানবন্দর উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা চলছে। নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্যও আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান দ্বারা বিস্তারিত সমীক্ষা প্রয়োজন হবে।

এছাড়া তিনি উল্লেখ করেন, ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে কানাডার সঙ্গে জিটুজি চুক্তিতে তিনটি ড্যাশ৮-৪০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়েছে। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র থেকে দুটি বোয়িং ৭৮৭-৯ যুক্ত হয়। এসব উড়োজাহাজ ক্রয়ে কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য নেই বলে মন্ত্রী জানান।

Logo