Logo
×

Follow Us

আফ্রিকা

প্রবাসীদের সহযোগিতায় দেশে ফিরল সোহানের মরদেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২২

প্রবাসীদের সহযোগিতায় দেশে ফিরল সোহানের মরদেহ

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তরুণ প্রবাসী সোহানের মরদেহ অবশেষে দেশে ফিরেছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের সহযোগিতায় তার মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়। মঙ্গলবার বিকেলে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে মরদেহ পৌঁছায়। পরে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

নিহত সোহান ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। মরদেহ ফিরে পেয়ে পরিবার শোকে ভেঙে পড়েছে। নিহতের মা সাহিনুর বেগম বলেন, তাদের ইচ্ছা ছিল বাড়ির পাশেই ছেলেকে দাফন করার। অবশেষে সেই ইচ্ছা পূরণ হয়েছে। তিনি জানান, মরদেহ দেশে আনতে তাদের কোনো খরচ করতে হয়নি। দক্ষিণ আফ্রিকায় থাকা প্রবাসী বাংলাদেশিরা ফান্ড সংগ্রহ করে প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে মরদেহ দেশে পাঠিয়েছেন। এ জন্য তিনি সব প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

নিহতের মামা মিঠু ও চাচা মানিকও প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় সাংবাদিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, সহযোগিতা না পেলে এত দ্রুত মরদেহ দেশে আনা সম্ভব হতো না।

এর আগে গত ৯ এপ্রিল রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাতলেহং এলাকায় সোহান দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। তিনি সেখানে একটি দোকানে কাজ করতেন। ঘটনার দিন মাগরিবের সময় দোকানের মালিকের সঙ্গে কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনে যান। তখন দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সোহান ছিলেন পরিশ্রমী ও স্বপ্নবাজ তরুণ। পরিবারের আর্থিক অবস্থার উন্নতির জন্য তিনি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসী হামলায় তার জীবন শেষ হয়ে যায়।

Logo