দ্রুত, সহজলভ্য ও নিরাপদ রেমিট্যান্স সেবা দেওয়ার স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫২
বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিদের জন্য দ্রুত, নিরাপদ ও সহজলভ্য রেমিট্যান্স সেবা নিশ্চিত করার স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ব্র্যাক ব্যাংকের হেড অব রেমিট্যান্স অ্যান্ড প্রবাসী ব্যাংকিং শাহরিয়ার জামিলের হাতে এই সম্মাননা তুলে দেন। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এ টপ টেন রেমিট্যান্স অ্যাওয়ার্ডও জিতেছে ব্র্যাক ব্যাংক।
গত ১২ এপ্রিল সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি নামের একটি সংগঠন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশির চেয়ারম্যান এম এস শেকিল চৌধুরী।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ২০২৫ সালে ২.২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ইনওয়ার্ড রেমিট্যান্স মানুষের হাতে পৌঁছে দেওয়ার কাজটি সুচারুভাবে সম্পন্ন করে। এই সাফল্য দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদারে ব্যাংকটির ক্রমবর্ধমান প্রচেষ্টার প্রতিফলন।
বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি এক্সচেঞ্জ হাউসের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আধুনিক ও নিরাপদ এপিআই সংযোগে রিয়েল-টাইম রেমিট্যান্স সেবা প্রদান করছে ব্র্যাক ব্যাংক। গ্রাহকরা ই-কেওয়াইসি সুবিধার মাধ্যমে সহজেই ডিজিটালি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং ‘আস্থা’ অ্যাপসহ বিভিন্ন প্রবাসী ব্যাংকিং সলিউশনের মাধ্যমে দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা পেতে পারেন। দেশজুড়ে ব্যাংকটির ৩১০টি শাখা ও উপশাখা এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে রেমিট্যান্স সুবিধাভোগীরা সহজেই এই অর্থ গ্রহণ করতে পারেন।
এই স্বীকৃতি বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বন্ধন আরো সুদৃঢ় করেছে। পাশাপাশি আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের অঙ্গীকারকে আরো দৃঢ়ভাবে তুলে ধরেছে।
logo-1-1740906910.png)