দেশ-বিদেশের সব বাংলাভাষীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২১:২৮
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক। তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে পহেলা বৈশাখ নতুনের আহ্বান নিয়ে আমাদের জীবনে ফিরে আসে। পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই দিন। তিনি উল্লেখ করেন, কৃষি ও প্রকৃতির সঙ্গে বৈশাখের নিবিড় সম্পর্ক রয়েছে। তথ্যপ্রযুক্তির যুগেও কৃষকরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল উৎপাদনের দিনক্ষণ নির্ধারণ করেন।
বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো ঐতিহ্যবাহী আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্য তুলে ধরে এবং ঐক্যবোধকে উজ্জীবিত করে। প্রধানমন্ত্রী বলেন, বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই কৃষক কার্ড চালু হচ্ছে, যা কৃষক ও কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং বহুমতের সহাবস্থানকে সুদৃঢ় করবে। বিশ্ব আজ নানা সংকট ও সংঘাতে বিপর্যস্ত; এই প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরো জরুরি হয়ে উঠেছে।
logo-1-1740906910.png)