Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ এপ্রিল ২০২৬

অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশ বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৯:৪৮

অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশ বন্ধ

বাহরাইন

বাহরাইনে মাদকের বড় চালান জব্দ

বাহরাইনে মাদকের একটি বড় চালান জব্দ এবং পাচারের চেষ্টা পণ্ড করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশ ১০০ কেজি গাঁজা ও হাশিশ জব্দ করেছে, যার আনুমানিক মূল্য ১৫ লাখ বাহরাইনি দিনার, যা টাকার অঙ্কে ৪৮ কোটি ৭৫ লাখ টাকা।

নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, বাহরাইনি পুলিশ জানিয়েছে, মাদকের এই চোরাচালান কার্যক্রমটি ইরান থেকে পরিচালিত হতো এবং ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করে বাহরাইনে এসব মাদক বিক্রি ও চালানের পরিকল্পনা ছিল মাদক পাচারকারীদের। প্রাথমিক তথ্য পেয়ে পুলিশ গোয়েন্দা লাগায় এবং মাদক কারবারিদের ধরে ফেলে। এ সময় অপরাধীদের কাছ থেকে নগদ দিনার, দুটি নৌকা ও নানা জিনিস জব্দ করে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাদকের বিরুদ্ধ সাঁড়াশি অভিযান চলছে, যা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকা উচিত।  


সৌদি আরব

অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশ বন্ধ

সৌদি সরকারের অনুমতি ছাড়া প্রবাসী ও বিদেশিদের মক্কায় প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৩ এপ্রিল থেকে এই ঘোষণা কার্যকর করা হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, এ বছরের হজ মৌসুমে নানা নিয়ম-কানুন বাস্তবায়নের অংশ হিসেবে এটা কার্যকর করা হয়েছে। এর মূল উদ্দেশ্য অতিরিক্ত ভিড় কমিয়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে হাজিরা স্বাচ্ছন্দ্যে হজ করতে পারেন।নতুন নিয়ম অনুযায়ী শুধু সেসব প্রবাসীরাই মক্কায় প্রবেশ করতে পারবেন, যাদের কাছে মক্কা থেকে ইস্যু করা বসবাসের অনুমতিপত্র বা ইকামা, হজের অনুমতিপত্র বা মক্কার পবিত্র জায়গায় কাজের অনুমতিপত্র থাকবে। যাদের কাছে এসব অনুমতিপত্র থাকবে না, তাদের মক্কার প্রবেশপথের নিরাপত্তা চৌকি থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া ১৮ এপ্রিলের আগে ওমরাহ ভিসায় আসা সবাইকে সৌদি থেকে চলে আসতে হবে। ১৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত নুসুক প্ল্যাটফর্ম ব্যবহার করে সব রকম ওমরাহ পারমিট ইস্যুও বন্ধ থাকবে।  


কুয়েত

কুয়েতে শ্রমিক ও মালিকদের শ্রম আইন মানতে নির্দেশনা

কুয়েতে শ্রমিক এবং নিয়োগকর্তা দুই পক্ষকেই দেশটির শ্রম আইন মেনে চলতে নির্দেশনা দিয়েছে। কোনো বিরোধ দেখা দিলে তা আইনসঙ্গতভাবেই মেটাতে হবে। কোনো প্রকার কর্মবিরতি, বিক্ষোভের সুযোগ নেই দেশটির আইনে।

১৩ এপ্রিল আরব টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি দেশটিতে শ্রমিক অসন্তোষের একটি ঘটনা ঘটেছে। যেখানে ৪০০ শ্রমিক তাদের নিয়োগকর্তার বিরুদ্ধে বিক্ষোভ করেন। কিন্তু পুলিশ সমাবেশ পণ্ড করে তাদের হটিয়ে দেয়।

জানা যায়, শ্রমিকরা নিয়োগকর্তাদের নানা শ্রমবিরোধ সংক্রান্ত কার্যকলাপের প্রতিবাদে এই সমাবেশ ও কর্মবিরতি পালন করছিল।এ ঘটনার পর নিয়োগকর্তাকে তলব করা হয় এবং তদন্ত চলাকালে শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। কুয়েতে শ্রমিকদের সঙ্গে এই বিরোধের জেরে একটি কোম্পানির নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তাদের সিআইডিতে পাঠানো হয়েছে।

কুয়েতে আছেন বাংলাদেশের সাড়ে তিন লাখ প্রবাসী। শ্রমিকদের এসব বিক্ষোভের বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকা জরুরি। কেননা, কুয়েতে এমন কাজে জড়িত হলে জেল-জরিমান ও দেশটি থেকে বহিষ্কার হওয়ার ঝুঁকি থাকে। সমস্যা থাকলে দূতাবাসে অভিযোগ জানানো যায় বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

Logo