রেমিট্যান্স সংগ্রহে বাংলাদেশ কৃষি ব্যাংকের সাফল্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৮
রেমিট্যান্স সংগ্রহের সাফল্যের স্বীকৃতি মিলেছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি (NRB) ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষ ১০ ব্যাংককে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে ‘সিলভার অ্যাওয়ার্ড’।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জাহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান শেখিল চৌধুরী। এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, দেশের শীর্ষ অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যাংকের নির্বাহী কর্মকর্তা এবং এনআরবি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। তিনি বলেন, “২০২৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করেছে।” তিনি এ অর্জনের জন্য ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান এবং বিদেশে অবস্থানরত প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা ব্যাংকের বিস্তৃত নেটওয়ার্কের প্রতি আস্থা রেখেছেন।
প্রতিমন্ত্রীরা বক্তব্যে বলেন, রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে অর্থ পাঠাচ্ছেন, যা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর কার্যকর ভূমিকা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের এই সাফল্য প্রমাণ করে যে প্রবাসীদের আস্থা অর্জন করে সঠিকভাবে রেমিট্যান্স সংগ্রহ করা সম্ভব। ব্যাংকটির বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং সেবা প্রবাসীদের কাছে আরো জনপ্রিয় হয়ে উঠছে।
logo-1-1740906910.png)