Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ এপ্রিল ২০২৬

সৌদিতে পৌঁছাল পাকিস্তানি সেনা ও ফাইটার জেট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৭:০২

সৌদিতে পৌঁছাল পাকিস্তানি সেনা ও ফাইটার জেট

সৌদি আরব

সৌদিতে পৌঁছাল পাকিস্তানি সেনা ও ফাইটার জেট

সৌদি আরবে পৌঁছেছে পাকিস্তানের একটি কন্টিনজেন্ট সেনা এবং বেশ কয়েকটি ফাইটার জেট। শনিবার ইসলামাবাদে ইরান-মার্কিন আলোচনার মধ্যেই এই ঘটনা ঘটে।

সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সামরিক চুক্তির অংশ হিসেবে পাক সেনা ও ফাইটার জেটগুলো সৌদির পূর্বাঞ্চলীয় সেক্টরের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছায়। ইরান-মার্কিন সংঘাতের সময় সৌদির এই পূর্বাঞ্চলীয় এলাকাটি সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখোমুখি হয়। এসব আক্রমণের জন্য ইরানকে দায়ী করে আসছে সৌদি সরকার। সৌদি আরব ও পাকিস্তান ২০২৫ সালের সেপ্টেম্বরে একটি কৌশলগত সামরিক চুক্তি করে, যাতে বলা হয়েছে এই দুই দেশের একটিতে আগ্রাসন হলে, তা দুই দেশের ওপরই আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। ফলে এই অঞ্চলে পাকিস্তানি সেনা ও ফাইটার জেটের উপস্থিতি আঞ্চলিক উত্তেজনার সময় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।


বাহরাইন

বাহরাইনে বালু চুরি, দুই প্রবাসীর বড় শাস্তি

বাহরাইনে সরকারি প্রকল্পের বালু ও নুড়ি পাথর চুরির অভিযোগে দুই প্রবাসী কর্মীর শাস্তি হয়েছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত দুইজনের আপিল আবেদন খারিজ হওয়ার পর তাদের তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সরকারি প্রকল্পে কাজ করা এই দুই কর্মীর একজন প্রকল্পের ইঞ্জিনিয়ার, অন্যজন ম্যানেজার। কারাদণ্ড শেষ হলে তাদের স্থায়ীভাবে বাহরাইন থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয়, কোন দেশের নাগরিক বা ঘটনাটি কবে ঘটেছে- এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, সরকারি বালু ও নুড়ি এটি জেনেও এই দুইজন ৩০ বাহরাইনি দিনার দরে তা বিক্রি করছিলেন। বিক্রির সময় সরকারের লোকজন তাদের হাতেনাতে ধরে ফেলে। দুইজনই তাদের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেছেন।


কুয়েত

কুয়েতে ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান জোরদার

কুয়েতে লাইসেন্স ছাড়া ব্যবসা এবং অবৈধভাবে মালপত্র বিক্রির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। কুয়েতের ফারওয়ানিয়া, ক্যাপিটাল ও আহমাদি গভর্নরেটে এই অভিযান চালানো হয়। আরব টাইমসের খবরে বলা হয়েছে, অভিযানে তামাক, চুইংগাম এবং স্বর্ণের পণ্যে প্রয়োজনীয় তথ্য না থাকায় ১০টি নোটিশ দেওয়া হয়। কিছু কিছু দোকানে এনার্জি ড্রিংকস বিক্রির কারণে তাদের সতর্ক করা হয়। ক্যাপিটাল ও আহমাদি গভর্নরেটে অভিযানের সময় ৬৩টি অভিযোগ নথিভুক্ত করা হয়। কুয়েতের অভিযান কর্তৃপক্ষ বলছে, ভোক্তাদের সুরক্ষা দেওয়া এবং ব্যবসায়ী ও দোকানদাররা ঠিকমতো আইনকানুন মানছে কিনা, তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে। ফলে এই সময়ে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সতর্ক থাকা প্রয়োজন।


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে রিমোট কন্ট্রোল স্ক্যাম, বাসিন্দাদের সতর্ক করল পুলিশ

আমিরাতে ফোন বা কম্পিউটারে রিমোট কন্ট্রোল অ্যাপ ব্যবহারের বিষয়ে বাসিন্দা ও প্রবাসীদের সতর্ক করেছে পুলিশ। আবুধাবি পুলিশ বলছে, বহুল ব্যবহৃত এসব অ্যাপ ডাউনলোড করলে স্ক্যামাররা ফোনে থাকা ব্যাংক অ্যাকাউন্টের অর্থ হাতিয়ে নিতে পারে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, প্রায়ই টেকনিক্যাল সাপোর্ট স্টাফ বা সার্ভিস প্রোভাইডার পরিচয় দিয়ে আমিরাতের বাসিন্দা ও প্রবাসীদের ফোন বা কম্পিউটারে এসব রিমোট কন্ট্রোল অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। একবার ইনস্টল হয়ে গেলে স্ক্যামাররা সেই ব্যক্তির ফোন বা কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নেয়। পুলিশ আরো সতর্ক করে জানিয়েছে, ব্যাংকিং বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কাউকে দেওয়া যাবে না এবং অজানা কারো ফোন ধরা থেকেও বিরত থাকতে হবে।

Logo