হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে ধর্ম মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের আইন ও হজ নির্দেশিকা মেনে চলতে হবে এবং কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না। ১০ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় পড়ে নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না। সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যে কোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, বিগত বছরগুলোতে বারবার সতর্ক করার পরও অনেক সময় সৌদি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের লাগেজে নিষিদ্ধ পণ্য পাওয়া গেছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তিনি হজযাত্রীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) সতর্ক করে বলেন, কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সৌদি আরবের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালনে জটিলতা তৈরি হতে পারে, এমনকি হজের সুযোগও হারানোর ঝুঁকি থাকে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হবে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সব ধরনের সতর্কতা অবলম্বন করা জরুরি।
logo-1-1740906910.png)