বাংলাদেশ-মালয়েশিয়া উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারের অঙ্গীকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৩
উচ্চশিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বৈঠকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনের কুয়ালালামপুরে পাঠানো এক বিবৃতিতে জানা যায়, পুত্রজায়ায় অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। মালয়েশিয়া বাংলাদেশের নবনির্বাচিত সরকারের ম্যান্ডেটকে সাধুবাদ জানিয়ে নতুন নীতিমালার আলোকে প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা আরো সুদৃঢ় করার আশ্বাস দেয়।
আলোচনায় উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের মানবসম্পদকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশীয় বৃত্তির সংখ্যা বৃদ্ধি এবং একটি সুসংগঠিত বৃত্তি ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা, কল্যাণ এবং সামাজিক একীকরণ নিশ্চিত করার জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোর দাবি জানান।
তিনি বলেন, সঠিক সামাজিক সম্পৃক্ততা ও সহায়তা পরিষেবা নিশ্চিত করা গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশীয় সমাজে আরো কার্যকরভাবে অবদান রাখতে সক্ষম হবে। মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির এসব প্রস্তাবকে স্বাগত জানান এবং ভবিষ্যৎ কর্মসূচির আওতায় বৃত্তি বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন।
বর্তমানে মালয়েশিয়ার সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ১১ হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত। বৈঠকে উভয় পক্ষই এই শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য এবং দুই দেশের আর্থ-সামাজিক সংযোগে তাদের ইতিবাচক ভূমিকার কথা স্বীকার করে। মন্ত্রী মালয়েশিয়ার বৈচিত্র্যময় উচ্চশিক্ষা পরিমণ্ডল এবং বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর নেটওয়ার্ক সম্পর্কে আলোকপাত করে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকের শেষাংশে উভয় পক্ষ পারস্পরিকভাবে স্বীকৃত যোগ্যতা, যৌথ ডিগ্রি প্রোগ্রাম, দূরশিক্ষণ এবং শ্রম বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ একাডেমিক প্রোগ্রাম চালু করার বিষয়ে একমত পোষণ করে। উপদেষ্টা মাহদী আমিন অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা উন্নয়নের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। মালয়েশীয় পক্ষও আন্তর্জাতিক শিক্ষা নীতির সাথে সামঞ্জস্য রেখে এসব উদ্যোগ বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে।
logo-1-1740906910.png)