শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা ফি মওকুফের আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ২২:১৮
বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল ফি মওকুফ এবং আরো সাশ্রয়ী পর্যটন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছে ট্যুর অপারেটররা। এ দাবি জানানো হয় ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে।
শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো ঢাকার লে মেরিডিয়ান হোটেলের ‘কুয়াকাটা’ হলে “মিডিয়া নেটওয়ার্কিং সেশন” আয়োজন করে। অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, সার্ক দেশগুলোর জন্য ভিসা অন-অ্যারাইভাল ফি বর্তমানে ২৫ থেকে ৩০ ডলার। এই ফি মওকুফ করা হলে বাংলাদেশি পর্যটকদের জন্য তা বড় স্বস্তি হবে।
বর্তমানে শ্রীলঙ্কায় প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) বা ই-ভিসা নিতে হয়। যদিও ভিসা অন-অ্যারাইভাল সুবিধা রয়েছে, তবে এতে খরচ বেশি হয়। ২০২৫ সালের শেষ দিক থেকে কর্তৃপক্ষ প্রি-অ্যারাইভাল অথরাইজেশনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হিউয়াওয়াসাম জানান, গত বছর প্রায় ৬০ হাজার বাংলাদেশি পর্যটক শ্রীলঙ্কা ভ্রমণ করেছেন। চলতি বছরের প্রথম কয়েক মাসেই ১০ হাজার পর্যটক গেছেন। তিনি আশা প্রকাশ করেন, এ বছর বাংলাদেশি পর্যটকের সংখ্যা এক লাখে পৌঁছাতে পারে।
তিনি আরো বলেন, ২০২৫ সালে বাংলাদেশ শ্রীলঙ্কার পর্যটন বাজারে ১০ম বৃহত্তম উৎস দেশ ছিল। ভবিষ্যতে এটি পঞ্চম বা ষষ্ঠ স্থানে উন্নীত হতে পারে। এ জন্য বাংলাদেশি পর্যটকদের শুধু বিনোদন নয়, শ্রীলঙ্কার বৈচিত্র্যময় পর্যটন পণ্যগুলোও ঘুরে দেখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডি। তিনি বলেন, দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতা বাড়ানোর বড় সম্ভাবনা রয়েছে। এ ধরনের উদ্যোগ উভয় দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নেবে।
অনুষ্ঠানে শ্রীলঙ্কার বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্থান, বিলাসবহুল ভ্রমণ সুবিধা, পরিবারবান্ধব অভিজ্ঞতা, উন্নত এয়ার কানেক্টিভিটি ও আবাসন সুবিধা তুলে ধরা হয়। বুদ্ধিকা হিউয়াওয়াসাম বলেন, শ্রীলঙ্কা এখন একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিশ্বে পরিচিত হচ্ছে। বাংলাদেশি পর্যটকদের জন্য আরো সাশ্রয়ী প্যাকেজ ও উন্নত সেবা নিশ্চিত করতে কাজ চলছে।
TOAB সভাপতি মোহাম্মদ রফিউজ্জামান বলেন, এই উদ্যোগ দুই দেশের পর্যটন খাতের অংশীদারদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করবে এবং ভবিষ্যৎ সহযোগিতার পথ প্রশস্ত করবে।
logo-1-1740906910.png)