মধ্যপ্রাচ্যে নিহত আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৪
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে অগ্নিদগ্ধ হয়ে নিহত প্রবাসী বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। ৬ এপ্রিল সকাল ৯টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এসভি৮০৬ যোগে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চারজনের মরদেহ দেশে আনা হয়েছে। একজনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
মন্ত্রী বলেন, নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে আরো তিন লাখ টাকা দেওয়া হবে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ টি এম মাহবুব-উল করিম।
বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। চলমান যুদ্ধ পরিস্থিতি তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি করেছে। নিহতদের মরদেহ দেশে আনা এবং পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সরকার প্রবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে সব সময় প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার চেষ্টা চলছে। বিদেশে কর্মরত শ্রমিকদের সমস্যাগুলো সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
logo-1-1740906910.png)