মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার চেষ্টা চলছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৩
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তিনি বলেন, ৮ এপ্রিল মালয়েশিয়া সফরে যাচ্ছেন তিনি। সে দেশের মন্ত্রণালয় থেকে আমন্ত্রণ পাওয়া গেছে এবং সেখানে বৈঠকে শ্রমবাজার নিয়ে আলোচনা হবে। আলোচনার ফলাফল পরে জানানো হবে।
৬ এপ্রিল সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে, একজনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা কোনো সিন্ডিকেট বুঝি না। সব সময় সবার জন্য শ্রমবাজার উন্মুক্ত রাখার চেষ্টা করি। মালয়েশিয়া সফরে গিয়ে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দোয়া করবেন, যাতে আমরা মুক্ত থাকতে পারি।”
মন্ত্রী আরো জানান, নিহত কর্মীদের পরিবারকে তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া অতিরিক্ত সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে।
বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বড় গন্তব্য মালয়েশিয়া। দীর্ঘদিন ধরে দেশটির শ্রমবাজার বন্ধ থাকায় নতুন করে কর্মী পাঠানো সম্ভব হয়নি। ফলে অনেক শ্রমপ্রত্যাশী কর্মী অপেক্ষায় রয়েছেন। সরকারের পক্ষ থেকে শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলে প্রবাসী আয় বাড়বে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সরকার সব সময় প্রবাসীদের পাশে আছে। বিদেশে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়টি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
logo-1-1740906910.png)