হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে: ধর্মমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:২২
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, আগামী বছরের হজ প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীদের সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, সরকার সব সময় হজযাত্রীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করে এবং ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।
৫ এপ্রিল জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
মন্ত্রী আরো জানান, সৌদি টাইমলাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। তিনি বলেন, হজযাত্রীদের সুবিধা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। ভবিষ্যতে প্যাকেজ প্রণয়নের সময় ব্যয় কমানোর পাশাপাশি যাত্রীদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত করা হবে।
বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ হজে যান। হজ প্যাকেজের ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ধর্মমন্ত্রী আশ্বাস দিয়েছেন, ২০২৭ সালের প্যাকেজে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে আরো বেশি মানুষ সহজে হজে যেতে পারেন।
সরকারি পর্যায়ে হজ ব্যবস্থাপনা নিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভিসা প্রক্রিয়া সহজীকরণ, ফ্লাইট ব্যবস্থাপনা উন্নত করা এবং সৌদি আরবে আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা। এসব উদ্যোগের ফলে হজযাত্রীরা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ধর্মমন্ত্রী বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। তাই এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ব্যয় কমানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য।
logo-1-1740906910.png)