Logo
×

Follow Us

অন্যান্য

উচ্চশিক্ষার খবর

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় গতি বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৬:৪০

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা প্রক্রিয়ায় গতি বেড়েছে

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা ও ভিজিটর ভিসার কাজ এখন দ্রুততর হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে স্থায়ী ভিসার প্রক্রিয়াকরণ কাজে এখনো দীর্ঘ সময় লাগছে। 

দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, শিক্ষার্থী ভিসা গড়ে ৩৩ দিনে নিষ্পত্তি হচ্ছে। আর ভিজিটর ভিসার বেশির ভাগ আবেদন এক দিনের কম সময়ে সম্পন্ন করা হচ্ছে। 

২০২৬ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য ভিসা ক্যাটাগরি সাবক্লাস ফাইভ হানড্রেডের বেলায় ঝুঁকি লেভেল ওয়ান থেকে লেভেল থ্রিতে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বাংলাদেশের স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের এখন সর্বোচ্চ ঝুঁকি স্তরে নামানো হয়েছে। 

ফলে স্টুডেন্ট ভিসার জন্য বাংলাদেশি আবেদনকারীদের আরো বেশি করে কাগজপত্র-নথি যাচাই করছেন ভিসা অফিসাররা। খুঁটিয়ে দেখা হচ্ছে আবেদনকারীদের অর্থনৈতিক সক্ষমতা, আয়ের উৎস ও ব্যাংক স্টেটমেন্ট। আইইএলটিএসের স্কোর আর স্টেটমেন্ট অব পারপাস গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। 

তারপরও ভিসা পাওয়ার প্রক্রিয়ার সময় নির্ভর করছে আবেদনপত্রের পূর্ণতা, অতিরিক্ত তথ্যের জবাব দেওয়ার গতি এবং স্বাস্থ্য, চরিত্র ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত যাচাইয়ের ওপর।

অস্ট্রেলিয়ার বাইরে থেকে জমা দেওয়া শিক্ষার্থী ভিসার আবেদন বিভিন্ন নীতিমালার আওতায় মূল্যায়ন করা হয়। তাই কোর্স শুরুর অনেক আগে এবং সব প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পরামর্শ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর।

Logo