মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৫ এপ্রিল ২০২৬
কুয়েতের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পড়েছে ড্রোন হামলার কবলে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৫:২১
বাহরাইন
বাহরাইনে ঘুম নিয়ে ড্রাইভিং দুর্ঘটনায় পাকিস্তানির জেল
বাহরাইনে সড়ক দুর্ঘটনা ও একজনের মৃত্যুর ঘটনায় এক প্রবাসী পাকিস্তানির এক বছরের জেল দিয়েছে আদালত। সাজা শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে বলেছে দেশটির আদালত।জিডিএন অনলাইনের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত বছরের ২৪ ডিসেম্বর। সে দিন বিকেলে অভিযুক্ত পাকিস্তানি ড্রাইভার গাড়ি চালাতে থাকা অবস্থায় ঘুমে ঢলে পড়েন, তারপর আল ফারুক ফ্লাইওভারের ঢালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের সাইনবোর্ড ও ধাতব ব্যারিয়ারে ধাক্কা খায়। পরে পথচারীকে চাপা দেয়। পথচারী আরশাদ কালা খান এতে মারাত্মকভাবে আঘাত পান। পরে হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। আদালতে বিচারের সময় পাকিস্তানি ড্রাইভার স্বীকার করেন, সে দিন গাড়ি চালানোর সময় তিনি ঘুমে আচ্ছন্ন ছিলেন। এসব দুর্ঘটনা ড্রাইভিংয়ের সময় আরো সতর্ক থাকার কথা মনে করিয়ে দেয় যে, ঘুম চোখে নিয়ে গাড়ি চালানো যাবে না। এ বিষয়ে দেশটিতে থাকা প্রবাসীদের সতর্ক থাকার কথা বলছেন প্রবাসী বাংলাদেশিরা।
সৌদি আরব
সৌদিতে অভিযানে বহু প্রবাসী গ্রেফতার
সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে ১৪ হাজার ২৪২ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গত মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সময়ে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৭ হাজার ৮৮৪ জন রেসিডেন্সি আইন, ৩ হাজার ৯৪৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৪১০ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন। এদের মধ্যে ২৩ হাজার ৮১৫ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কনস্যুলেটে পাঠানো হয়েছে। ৬ হাজার ৮০৮ জনকে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে। আর ৬ হাজার ২৮৫ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। যাদের মধ্যে ২৭ শতাংশ ইয়েমেনি, ৭১ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় আরো ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে লাইসেন্স ছাড়া ট্যাক্সি নিয়ে সতর্কতা
দুবাইয়ে অবৈধ ট্যাক্সি বা লাইসেন্সবিহীন গাড়িতে যাত্রী পরিবহনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। আরটিএ সতর্ক করে জানিয়েছে, অবৈধ এসব রাইড গ্রহণ করলে যাত্রীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। লাইসেন্স ছাড়া গাড়িতে যাত্রী বহন করলে নিয়ম লঙ্ঘনকারীদের ৫ হাজার দিরহাম পর্যন্ত জরিমানার নির্দেশ ও গাড়ি জব্দ করা হতে পারে। সেই সাথে সংস্থাটি বাসিন্দা ও পর্যটকদের কেবল লাইসেন্সপ্রাপ্ত ট্যাক্সি বা আরটিএ অনুমোদিত কোম্পানির যানবাহন ব্যবহার করার আহ্বান জানিয়েছে। কারণ এসব যানবাহন স্মার্ট মনিটরিং সিস্টেমের আওতায় পরিচালিত হয়, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। আরটিএ আরো সতর্ক করেছে, অবৈধ ট্যাক্সি ব্যবহার করলে যাত্রীরা চুরি, প্রতারণা বা হামলার শিকার হতে পারেন।
কুয়েত
কুয়েতের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পড়েছে ড্রোন হামলার কবলে
চলমান আঞ্চলিক উত্তেজনায় কুয়েতের গুরুত্বপূর্ণ সরকারি ও জ্বালানি অবকাঠামোগুলো বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শত্রু ড্রোন সরাসরি মিনিস্ট্রিজ কমপ্লেক্স ভবনে আঘাত করেছে এবং এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ড্রোন হামলায় দুটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় শুওয়াইক এলাকায় অবস্থিত একটি ওয়েল রিফাইনারি কমপ্লেক্সে আগুন ধরে যায়। বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রগুলোতেও হামলার কারণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। তবে অবকাঠামোগত ক্ষতি গুরুতর আকার ধারণ করেছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ক্রমাগত এমন আক্রমণ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
logo-1-1740906910.png)