১৫ এপ্রিলের পর পোল্যান্ড ভিসা আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০০:০৭
আগামী ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসা আবেদন গ্রহণ করবে না সুইডিশ দূতাবাস। ২ এপ্রিল সেনজেন ভিসা আবেদনকারীদের উদ্দেশে দূতাবাস এ বার্তা দিয়েছে। এতে উল্লেখ করা হয়, সুইডেন দূতাবাস আর পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। ফলে ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে সেনজেন ভিসার জন্য আবেদন করার শেষ দিন হবে ১৫ এপ্রিল।
দূতাবাসের বার্তায় আরো বলা হয়, যদি পোল্যান্ড সেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য হয়, তবে আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এজন্য তাদের সর্বশেষ আপডেটকৃত পদ্ধতি অনুসরণ করতে হবে।
এছাড়া যে কোনো অনুসন্ধান বা দিকনির্দেশনার জন্য আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছে দূতাবাস।
এই সিদ্ধান্তে অনেক আবেদনকারীকে নতুন করে পরিকল্পনা সাজাতে হবে। যারা ইতোমধ্যে সুইডেন দূতাবাসের মাধ্যমে আবেদন করার প্রস্তুতি নিয়েছেন, তাদের ১৫ এপ্রিলের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা পোলিশ কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী আবেদন করতে বাধ্য হবেন।
সেনজেন ভিসা সাধারণত ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ দেয়। তবে কোন দেশকে প্রধান গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে, তার ওপর নির্ভর করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এতদিন ঢাকায় সুইডেন দূতাবাস পোল্যান্ডের প্রতিনিধিত্ব করছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে সেই সুযোগ শেষ হচ্ছে।
logo-1-1740906910.png)