মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২ এপ্রিল ২০২৬
বাহরাইনে জেলিফিশ বিষয়ে সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১৫:৩৭
বাহরাইন
বাহরাইনে জেলিফিশ বিষয়ে সতর্কতা জারি
বাহরাইনের সমুদ্রতীরে জেলিফিশ আতঙ্ক হয়ে দেখা দিয়েছে। জনপ্রিয় সৈকতগুলোর কাছাকাছি সমুদ্রে জেলিফিশের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়া পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং স্রোতের পরিবর্তনের কারণে এই জেলিফিশ হঠাৎ করে উপকূলের কাছাকাছি চলে এসেছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। এছাড়া নানা ধরনের চর্মরোগে আক্রান্ত হচ্ছে সমুদ্রের পানিতে নামা দর্শনার্থীরা। কর্তৃপক্ষ স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, জেলিফিশ দেখতে নিরীহ মনে হলেও এটি স্পর্শ করলে ত্বকে ভয়াবহ যন্ত্রণা, ব্যথা, এমনকি কিছু ক্ষেত্রে অ্যালার্জিক রিঅ্যাকশনও হতে পারে, যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সাঁতারু ও দর্শনার্থীদের সতর্ক করা হয়েছে, সমুদ্রে নামার ক্ষেত্রে সাবধান থাকতে এবং যদি জেলিফিশ দেখা যায়, সে ক্ষেত্রে পানি থেকে উঠে আসতেও নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের ওপর জোর দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটির সরকার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টা পর্যন্ত সমুদ্রে যে কোনো কাজ করা নিষিদ্ধ ঘোষণা করেছে। তার ওপর জেলিফিশের উৎপাত নাগরিক বাসিন্দাদের মনে বাড়তি আতঙ্ক তৈরি করেছে।
সংযুক্ত আরব আমিরাত
দুবাই থেকে চট্টগ্রামে সরাসরি ফ্লাইট
দুবাইয়ের ফ্লাইদুবাই দুবাই থেকে সরাসরি চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটের ঘোষণা দিয়েছে। ফ্লাইদুবাই আরো জানিয়েছে, এই ফ্লাইট শুরু হয়েছে ১ এপ্রিল ২০২৬ থেকে। এই ফ্লাইট প্রতিদিন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ২ নম্বর টার্মিনাল থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে। এই পরিষেবার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি যাত্রীদের ভ্রমণ আরো সহজ ও ঝামেলামুক্ত হবে। কারণ এটি ফ্লাইদুবাই ও এমিরেটসের যৌথ অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে। ফলে যাত্রীরা এক টিকিটে পুরো যাত্রা সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি লাগেজও একবারেই চেক-ইন করে গন্তব্যে পৌঁছে যাবে। মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি বড় স্বস্তির খবর। কারণ এখন তারা সরাসরি চট্টগ্রামে যাতায়াত করতে পারবেন, যা সময় ও খরচ দুটি কমাবে। এই নতুন সংযোগ শুধু ভ্রমণ নয়, বরং ব্যবসা, বাণিজ্য এবং প্রবাসীদের সঙ্গে দেশের যোগাযোগ আরো জোরদার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সৌদি আরব
সৌদি-কুয়েত নতুন সড়কপথ চালু
সৌদি আরব থেকে কুয়েতে চলাচলের জন্য একাধিক নতুন বাসরুট চালু হয়েছে। সৌদির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি এ তথ্য নিশ্চিত করেছে। কুয়েত থেকে সড়কপথে সৌদি আরবে প্রবেশকারী যাত্রীদের জন্য দুটি নতুন বাসরুট চালু হয়েছে, যা আল-খাফজি এবং আল-রুকাই সীমান্ত দিয়ে চলাচল করবে।একটি রুট আল-খাফজি সীমান্তকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, আর অন্যটি আল-রুকাই সীমান্তকে আল-কাইসুমাহ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত করবে।এই নতুন রুটগুলো শুধু সীমান্ত পারাপারই নয়, বরং যাত্রীদের জন্য বিমান যাত্রাকেও সহজ করবে। এখন থেকে সরাসরি বাসে এসে দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আল-কাইসুমাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানো যাবে। আবার একইপথে এসব বিমানবন্দর থেকে সরাসরি কুয়েতে পৌঁছানো যাবে। প্রতিটি রুটে আসা-যাওয়া মিলিয়ে প্রতিদিন ৬টি ট্রিপ চলবে, অর্থাৎ দুটি রুট মিলিয়ে মোট ১২টি ট্রিপ প্রতিদিন পরিচালিত হবে।
logo-1-1740906910.png)